শোকে স্মরণে পালিত হলো শোক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার ছিল শোক দিবস। বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন। স্মরণ করেছেন ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে নিহত ৪০ জন ছাত্র, কর্মচারী ও অতিথিকে। প্রতিবছরই বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ হল কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করে থাকে। এবার দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ হল ভিন্ন সাজে সাজলেও দিনভর হলটিতে ছিল শোকের ছায়া। সেই দিনের রক্তাক্ত স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকা অক্টোবর স্মৃতিভবনের সামনে এ বছর হল কর্তৃপক্ষ নির্মাণ করেছে একটি স্মৃতিফলক। ধ্বংস হওয়া সেই ভবনের একমাত্র স্মৃতি একটি সিঁড়ি ও নিহতদের নাম স্থান পেয়েছে সেখানে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ফলক উদ্বোধন করেন। দিবসটি পালন উপলক্ষে গতকাল সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত করে রাখা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। সকাল সাতটায় ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে জগন্নাথ হলে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের উদ্দেশে শোক মিছিল নিয়ে যান। সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন। সকাল সাড়ে আটটার দিকে জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রার্থনাসভার আয়োজন করা হয়। আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। জগন্নাথ হলে নিহতদের তৈলচিত্র ও সে-সম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এ ছাড়া শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে।