শোকের দিনেও দলাদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে শোক দিবসের অনুষ্ঠান নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক অবস্থান। ছবিটি সীতাকুণ্ড পৌরসভা কার্যালয়ের সামনে থেকে গতকাল বেলা সাড়ে তিনটায় তোলা l প্রথম আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে শোক দিবসের অনুষ্ঠান নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক অবস্থান। ছবিটি সীতাকুণ্ড পৌরসভা কার্যালয়ের সামনে থেকে গতকাল বেলা সাড়ে তিনটায় তোলা l প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর হাতিয়া, খাগড়াছড়ি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ গতকাল মঙ্গলবার পৃথক কর্মসূচি পালন করেছে। হাতিয়ায় শোক দিবসের অনুষ্ঠানে দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। শোকের দিনেও এমন দলাদলির ঘটনায় হতাশ দলের তৃণমূলের কর্মী-সমর্থকেরা। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন—
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় শোক দিবসের পৃথক অনুষ্ঠান করেছে আওয়ামী লীগের দুই পক্ষ। অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর কিছু না হলেও অনুষ্ঠানস্থলে আসা-যাওয়ার পথে পাল্টাপাল্টি হামলা, পোস্টার ছেঁড়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ছয়জন কর্মী-সমর্থক হামলার শিকার হন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ও বেলা তিনটার দিকে এসব ঘটনা ঘটে।
হাতিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, শোক দিবস উপলক্ষে হাতিয়া উপজেলা সদরের ওছখালিতে আলাদা কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুটি পক্ষ। এর মধ্যে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারীরা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব চত্বরে কাঙালি ভোজ ও আলোচনা সভার আয়োজন করে।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের নেতৃত্বাধীন অপর অংশ অনুষ্ঠানের আয়োজন করে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে অতিথি ছিলেন ব্যবসায়ী মাহমুদ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ব্যবসায়ী মাহমুদ আলীর কর্মী-সমর্থকেরা উপজেলা সদরের পুরোনো আদালত ভবনের সামনের সড়কে দুটি গাড়ি ভাঙচুর করেন এবং সাবেক সাংসদ মোহাম্মদ আলীর চার-পাঁচজন সমর্থককে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁরা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শোক দিবসের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলেন।
এরপর দুপুর দুইটার দিকে অনুষ্ঠান শেষে ফেরার পথে ব্যবসায়ী মাহমুদ আলীর কর্মীদের ওপর পাল্টা হামলা চালান মোহাম্মদ আলীর সমর্থকেরা। তাঁরা এ সময় একজনকে পিটিয়ে আহত করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ বলেন, অনুষ্ঠানে কোনো সমস্যা হয়নি। আসা-যাওয়ার পথে কিছু উত্তেজিত কর্মী মোহাম্মদ আলীর পক্ষে লাগানো কিছু পোস্টার ছিঁড়ে ফেলেন। এটি উল্লেখ করার মতো ঘটনা নয়।
হাতিয়ায় অবস্থানকারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, দুই পক্ষের কর্মসূচিতে কোনো সমস্যা হয়নি। তবে কর্মসূচিতে আসা-যাওয়ার পথে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগের দুটি পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন সাংসদ দিদারুল আলম এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা চেয়ারম্যান এম আল মামুন। বিবদমান দুটি পক্ষ গতকাল পৃথকভাবে শোক দিবসের কর্মসূচি পালন করে।
গতকাল বিকেল চারটার দিকে স্থানীয় সাংসদ দিদারুল আলমের পক্ষের নেতা-কর্মীরা শোক র‍্যালি বের করেন। উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন তাঁরা। এ সময় উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের পক্ষের লোকজন পুরান ঢাকা ট্রাঙ্ক রোডে অবস্থান নেন। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে এস এম আল মামুনের পক্ষের নেতা-কর্মীরা শোক র‍্যালি করে শহীদ মিনারে ফুল দেন। পরে পৌর সদরে জেলা পরিষদ মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়।
জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন প্রথম আলোকে বলেন, জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন দুঃখজনক। দলে এ ধরনের কোন্দল কেউ আশা করে না। জেলা কমিটি উদ্যোগী হলে এমন বিবাদ মেটানো অসম্ভব হতো না।
খাগড়াছড়িতে পৌর মেয়র রফিকুল আলমের অনুসারী ও জেলা আওয়ামী লীগের একটি পক্ষ পৃথকভাবে শোক দিবসের কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল আটটায় পৌর মেয়র রফিকুল আলমের অনুসারীরা শোক র‍্যালির আয়োজন করেন। জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলমের নেতৃত্বে শোক র‍্যালিটি বের করা হয় শহরের নারিকেলবাগানে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় থেকে। এরপর টাউন হলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এই পক্ষের নেতা-কর্মীরা।
বেলা ১১টায় শহরের কদমতলীতে দলের অস্থায়ী কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে দলের অপর পক্ষ কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে একটি শোক র‍্যালি বের করা হয়। এরপর টাউন হলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন দলের নেতা-কর্মীরা। এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।
পৃথক কর্মসূচি পালন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা বলেন, জাহেদুল আলম, দিদারুল আলমসহ কয়েকজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তাঁরা আওয়ামী লীগের কোনো পক্ষ নন। সেদিক থেকে খাগড়াছড়িতে শোক দিবসে দলের কর্মসূচি এককভাবেই পালিত হয়েছে।
এ ব্যাপারে খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের ভাই দিদারুল আলম বলেন, তাঁরাই জেলায় মূল আওয়ামী লীগের প্রতিনিধি। দলের কার্যালয়ও তাঁদের দখলে। শোক দিবসের কর্মসূচি দলীয়ভাবেই পালন করেছেন তাঁরা।