শোকের মাস শুরু, নানা আয়োজন আ.লীগের
রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, আলোর মিছিল, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া-মিলাদসহ নানা আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে শোকের মাসের কর্মসূচি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে।
গত সোমবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে আলোর মিছিল দিয়ে শোকের অনুষ্ঠানমালার শুরু হয়। গতকাল বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কাছে কৃষক লীগের আয়োজনে একটি রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রক্তদান কর্মসূচির পাশাপাশি সেখানে এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট শুধু একটি পরিবারকেই হত্যা করা হয়নি, এটি বাঙালি জাতির মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে হত্যা করার অপচেষ্টা। তিনি বলেন, জাতির জনককে হত্যার ষড়যন্ত্রে খোন্দকার মোশতাকের সঙ্গে জিয়াউর রহমানও যে হাত মিলিয়েছিলেন, সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই।
সকালে শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে যুবলীগ।