শোধন ছাড়াই ‘ফিল্টার পানি’
পরিশোধন না করে ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পানি ভরা হচ্ছে প্লাস্টিকের জারে। জারের মুখ কর্ক-বন্দী করে নাম দেওয়া হয়েছে ‘ফিল্টার পানি’। বিশুদ্ধ দাবি করে সেই পানি পৌঁছে দেওয়া হচ্ছে বাসাবাড়ি, দোকানপাট ও অফিস-আদালতে। তথাকথিত বিশুদ্ধ পানিভর্তি জারটির গায়ে নেই কোনো লেবেল, এমনকি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে এসব পানি জারভর্তি করা হয় বলে অভিযোগ রয়েছে। কুষ্টিয়া শহরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এমন ‘ফিল্টার পানি’ বাজারজাত করে আসছে। দিনে দেড় থেকে দুই শ জার পানি তারা বাজারজাত করে বলে জানা গেছে। মানুষের জীবন রক্ষাকারী পানি নিয়ে এই ব্যবসার জন্য প্রতিষ্ঠানগুলো পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা (বিএসটিআই) থেকে কোনো অনুমোদন নেয়নি। এমনকি ওই সব প্রতিষ্ঠানে নেই কোনো রসায়নবিদ। বিএসটিআই সূত্র জানিয়েছে, পানি পরিশোধনের কোনো প্রতিষ্ঠান কুষ্টিয়ায় নেই। তার পরও যাচাই-বাছাই ছাড়াই এসব পানি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে দেদার বিক্রি হচ্ছে। বিএসটিআই ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কতগুলো নিয়ম মেনে জারে পানিভর্তি করে বিক্রি করা যেতে পারে। সে জন্য প্রথমত বিএসটিআইয়ের অনুমোদন থাকতে হবে। একজন রসায়নবিদ ও পরিচ্ছন্ন কর্মী থাকতে হবে। যেসব কর্মী জারে পানি ভর্তি করবেন, তাঁদের সুস্বাস্থ্যের সনদ থাকতে হবে। লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করতে হবে।অনুসন্ধানে জানা গেছে, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই শহরের হাউজিং এস্টেট এলাকায় আলামিন ফ্রেশ ওয়াটার, আড়ুয়াপাড়ার হরিবাসর গলিতে লাইফ সেফ ওয়াটার, মিল লাইনের ধোপাপাড়া এলাকায় গ্রিন লাইফ ওয়াটার ও বড় বাজার বিহারি পট্টিতে মেরিন এ-ওয়ান ওয়াটার কোম্পানির নামে ফিল্টার পানির ব্যবসা গড়ে উঠেছে। পানি ব্যাকটেরিয়ামুক্ত কি না তা নির্ণয়ের জন্য প্রশিক্ষিত কোনো রসায়নবিদ এসব প্রতিষ্ঠানের একটিতেও নেই। ঘরে বসেই নলকূপ ও পানির কল থেকে পানি নিয়ে সাধারণ মানের একটি ফিল্টারের মাধ্যমে জারে ভর্তি করা হয়।আড়ুয়াপাড়া ও মিললাইনের ধোপাপাড়া এলাকায় অবস্থিত ফিল্টার পানি সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, টিনের ছোট একটি ঘর। টাইলসের মেঝের ওপর প্লাস্টিকের জার ছড়িয়ে-ছিটিয়ে আছে। কিছু অপরিচ্ছন্ন ও নোংরা যন্ত্রপাতি পড়ে থাকতে দেখা গেল। পানি সরবরাহ লাইনের একটি কল থেকে ওই সব যন্ত্রপাতি (তথাকথিত ফিল্টার) হয়ে পানি এসে পড়ে জারে। বেকারি, ফাস্টফুডের দোকান, বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে চাহিদামতো পানি এসব প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়। ২০ লিটার পানিভর্তি একেকটি জারের দাম ৫০ টাকা। ওই পানি গ্লাসপ্রতি দুই টাকা দরে বিক্রি করা হয়। এ ব্যাপারে লাইফ সেফ ওয়াটার কোম্পানির মালিক মীনা রাণী সাহা জানান, বিএসটিআইয়ের লাইসেন্স, ল্যাবরেটরি ও রসায়নবিদ ছাড়াই তিনি গত পাঁচ-ছয় বছর ধরে ফিল্টার পানির ব্যবসা করে আসছেন। মেরিন এ-ওয়ান ওয়াটার কোম্পানির এক কর্মকর্তা মাসুদুর রহমান দাবি করেন, অনুমোদন নিয়েই কাজ করা হচ্ছে। বিএসটিআই কর্মকর্তা জহুরুল হক প্রথম আলোকে বলেন, কুষ্টিয়াতে কোনো প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত পানি পরিশোধন করে বাজারজাত করার অনুমোদন দেওয়া হয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে ম্যাজিস্ট্রেট সাজেদুল হকের নেতৃত্বে শহরের হাউজিং এস্টেট এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাত হাজার টাকা জরিমানা ও পানির বেশ কিছু জার জব্দ করা হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন জামাল উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, বিশুদ্ধ পানি পান না করলে টাইফয়েড, আমাশয়, জন্ডিস ও ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।