শোনা আর বলার বাধা পেরিয়ে ওঁরা ১৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশারায় কথা বলছেন পরিবারের সদস্যরা। ছবি: জগলুল পাশা
ইশারায় কথা বলছেন পরিবারের সদস্যরা। ছবি: জগলুল পাশা

তাঁরা শুনতে পান না, বলতেও বাধা, কিন্তু তাঁদের কাজ থেমে নেই। শোনা ও বলার প্রতিবন্ধকতা ডিঙিয়ে অন্য সব স্বাভাবিক মানুষের মতো কাজ করে যাচ্ছেন। তাঁরা ১৩ জন। একই পরিবারের সবাই। সবাই বাক ও শ্রবণপ্রতিবন্ধী।

সম্প্রতি ময়মনসিংহের জেল রোডের একটি বাসায় গিয়ে এ পরিবারটির কথা জানা গেল। পরিবারে নতুন শিশুর আগমনে তাঁদের মনে ভয় জাগে। আদরের শিশুটি শুনতে পাবে তো? মুখে বোল ফুটবে তো?

আবুল খায়ের ও হাবিবা খাতুনের পাঁচ মেয়ে ও এক ছেলে। এঁদের মধ্যে তিন মেয়ে রোকেয়া বেগম, মাসুদা বেগম ও মনিরা বেগম—এই তিনজন এবং তাঁদের স্বামীরাও বাক ও শ্রবণপ্রতিবন্ধী। এক মেয়ের মেয়ে ও ওই মেয়ের স্বামীরও একই অবস্থা।

আবুল খায়ের ও হাবিবা খাতুনের একমাত্র ছেলে আবু সাঈদও বাক-শ্রবণপ্রতিবন্ধী। আবু সাঈদের স্ত্রী ও তিন সন্তানের কেউ কথা বলতে পারেন না।

আবু সাঈদের বোন সুলতানা বিনতে খায়ের কথা বলতে পারেন। তাঁর সহায়তা নিয়ে কথা হলো আবু সাঈদের সঙ্গে। সুলতানা জানালেন, তাঁর ভাই, বোন, তাঁদের ছেলেমেয়েরা এই প্রতিবন্ধকতা নিয়েই জন্ম নিয়েছেন। সুলতানা তাঁর ভাইয়ের সঙ্গে একই বাসায় ভাগাভাগি করে থাকেন। মা হাবিবা খাতুনও থাকেন এ বাসায়। বাবা মারা গেছেন।

সুলতানা জানালেন, একই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গেই তাঁর ভাই ও বোনদের বিয়ে দেওয়া হয়েছে। এই সূত্রে হয়তো তাঁদের সন্তানরাও প্রতিবন্ধী। এভাবে পরিবারটিতে প্রতিবন্ধী সদস্যের সংখ্যা বেড়ে গেছে।

ময়মনসিংহে এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের পরিচালিত স্কুল ও প্রতিবন্ধীদের সংগঠনের পক্ষ থেকে একসময় একটা উদ্যোগ নেওয়া হতো। কার সঙ্গে কার বিয়ে হতে পারে, তা ঠিক করে দেওয়া হতো। পরিস্থিতি পাল্টাচ্ছে।

ইশারায় কথা বলছেন পরিবারের সদস্যরা। ছবি: জগলুল পাশা
ইশারায় কথা বলছেন পরিবারের সদস্যরা। ছবি: জগলুল পাশা

আবু সাঈদের বাক-শ্রবণপ্রতিবন্ধী এক ছেলে হিমেল বিয়ে করেছেন সোনিয়া বেগমকে। সোনিয়া কথা বলতে পারেন। দুই বছরের বিবাহিত জীবনে ইশারা ভাষা অনেকটাই রপ্ত করেছেন। পরিবারের প্রতিবন্ধী সদস্যদের সঙ্গে কথা বলতে সোনিয়াও এই প্রতিবেদককে সহায়তা করলেন।

কেউ বসে নেই: আবু সাঈদ ময়মনসিংহের একটি দরজির দোকানের কাটিং মাস্টার। তাঁর ছেলে হিমেলও দরজির কাজ করছেন। আরেক ছেলে এবং আবু সাঈদের দুই বোন গাজীপুরে প্রসাধনসামগ্রীর কারখানায় কাজ করছেন। এক বোন গৃহিণী, তবে হস্তশিল্পে বেশ দক্ষ তিনি। আবু সাঈদের ছোট মেয়ে শ্রবণপ্রতিবন্ধীদের জন্য পরিচালিত স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে। এই স্কুলটিতে পঞ্চম শ্রেণি পর্যন্তই পড়ালেখা করার সুযোগ আছে। তাই পরিবারটির বিভিন্ন সদস্য পঞ্চম শ্রেণি পর্যন্তই পড়াশোনা করেছেন। ঢাকায় বধিরদের জন্য হাইস্কুলে এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ আছে। তবে সামর্থ্যের অভাবে সেখানে গিয়ে পড়া সম্ভব হয় না। এ কারণে ছোট মেয়ের পড়াও থেমে যাবে বলে জানালেন পরিবারের সদস্যরা।

আবু সাঈদের বোন সুলতানা বলেন, ‘ভাই যখন পড়ত, তখন তার সঙ্গে স্কুলে যেতাম। তখন কারিগরি শিক্ষার ব্যবস্থা ছিল। এখন স্কুলের কথা বলতে পারা শিক্ষকেরা ইশারা ভাষা তেমন একটা বুঝতে পারেন না। হোস্টেলের ব্যবস্থা ছিল, এখন নেই। শহরের বাইরে থেকে ছেলেমেয়েরা আর এ স্কুলে পড়তে পারছে না।’

আবু সাঈদ, তাঁর স্ত্রী লুৎফুন নেসা ও ছেলেমেয়ের সঙ্গে ইশারা ভাষায় কথা বলছিলেন। সুলতানা ও সোনিয়া জানালেন, নানা সমস্যা নিয়ে ক্ষোভ ও হতাশার কথা বলছেন তাঁরা। যেমন এই পরিবারের সদস্যরা সরকারের কাছ থেকে কোনো ভাতা পাচ্ছেন না। আবু সাঈদের অভিযোগ, যোগ্যতা থাকার পরও সেই অনুযায়ী পারিশ্রমিক পান না। লোকজন প্রায়ই ঠকাতে চায়। পরিশ্রম করে যা আয় করেন, তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে। তবে প্রসাধনসামগ্রীর কারখানায় যাঁরা কাজ করছেন, তাঁদের এমন অভিযোগ নেই।

মা হাবিবা খাতুন প্রতিবন্ধী সন্তানদের সম্পর্কে বলেন, ‘ওরা যখন হামাগুড়ি দিত, হাঁটা শুরু করত, তখন পেছন থেকে ডাকলেও শুনতে পাইত না। ডাক্তারের কাছ নিয়া গেলে বলত এই সমস্যা জন্মগত।’ এত দিনেও সরকারি ভাতা না পাওয়ায় অনেক আক্ষেপ এই মায়ের। বললেন, ‘কোনহানে (কোথায়) যামু কিছু চাইবার লাইগ্যা? এই পর্যন্ত আয়োজনপত্র তো কম করে নাই। কিন্তু কিছু তো পাইছে না ছেলে-মাইয়্যারা।’

কথা বলার একপর্যায়ে সুলতানা কেঁদে ফেলেন। শিক্ষাদীক্ষায় কম নন তিনি। কিন্তু পরিবারের সদস্যদের শারীরিক প্রতিবন্ধকতার কারণে সামাজিকভাবে হেয় হতে হয়।

আবু সাঈদের ছেলের বউ সোনিয়ার অবশ্য আক্ষেপ নেই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বললেন, ‘ইশারা ভাষা পুরোপুরি শিইখ্যা ফালাইতে পারলে আর কোনো সমস্যা মনে হইব না। এরা মানুষও ভালো।’