শোবার ঘরে গরু রাখছেন কৃষক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে গরুচোরদের উৎপাত বেড়ে গেছে। চুরি ঠেকাতে অনেকে রাতে শোবার ঘরে গরু রাখতে বাধ্য হচ্ছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে উপজেলার জামাইদিঘা গ্রাম থেকে গরু চুরি করে ট্রাকে করে পালানোর সময় হাইওয়ে পুলিশ পাঁচটি গরুসহ চার চোরকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী ও বড়াইগ্রাম থানার পুলিশ সূত্রে জানা যায়, এক মাসে বড়াইগ্রামের বিভিন্ন গ্রাম থেকে অন্তত ৩২টি গরু চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল বিভিন্ন গ্রামে ঢুকে গরু চুরি করে। অন্যরা ট্রাক নিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক ও পাবনা-নাটোর মহাসড়কে অবস্থান নেয়। পরে গ্রামের ভেতর থেকে গরু নিয়ে ট্রাকে তোলে পালিয়ে যায় তারা। দ্বাড়িখৈড় গ্রামের কৃষক সেলিম হোসেন জানান, তাঁর দুটি গরু কয়েক দিন আগে চুরি হয়েছে। তাই অবশিষ্ট দুটি গরু নিয়ে এখন শোবার ঘরে ঘুমান।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, ‘গরু চুরি বন্ধ করতে এলাকাবাসীর সহযোগিতা দরকার। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে চুরি বন্ধের চেষ্টা করছি।’