শোভনার কুলচাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারকেলি জাতের কুলের জন্য বিখ্যাত খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের শোভনা গ্রামের কুলবাগানগুলোতে ‘মাইট’ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় মৌসুমের শুরুতেই বাগানের বেশির ভাগ কুল ঝরে গেছে। ফলে চলতি মৌসুমে কুল না পেয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা।
কুলচাষি এবং উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ভাদ্র মাসে গাছে ফুল আসার পর কার্তিক মাসে গুটি বড়ইয়ের গায়ে কালো কালো দাগ দেখা দেয়। কিছুদিনের মধ্যে বাগানের সব কুলে এই রোগ ছড়িয়ে পড়ে। তখন কুলচাষিরা ফল বাঁচাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করে ওষুধ প্রয়োগ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা ফল বাঁচাতে পারেননি। সব কুল ঝরে যায়। সম্প্রতি শোভনা গ্রামের বড় কুলবাগানে ঢুকে দেখা যায়, গাছগুলোতে কুল নেই। বাগানের চাষি যশোর আলী খান বলেন, ‘আমার ১০ একর জমিতে পাঁচ শতাধিক গাছের সব কুল ঝরে গেছে। এ বছর বাগান শেষ।’
কুলচাষি মধু মণ্ডল বলেন, আশ্বিন মাস থেকে কুলের গুটিতে কালো দাগ দেখা দেয়। এরপর ধীরে ধীরে কুলগুলো ঝরে পড়তে থাকে। কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করে সাত-আটবার ওষুধ প্রয়োগ করেও কাজ হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জব্বার জানান, উপজেলার ৯৫ হেক্টর জমিতে কুল চাষ হয়। এর মধ্যে শোভনা ইউনিয়নে ৫০ হেক্টর জমিতে নারকেলি কুলের চাষ হয়। তিনি বলেন, ‘এ বছর কুলে মাইট রোগ দেখা দিলে আমাকে যারা জানিয়েছে, তাদের পরামর্শ দিয়েছিলাম।’
উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার বলেন, এ বছর শোভনা এলাকায় নারকেলি জাতের কুলের বেশ ক্ষতি হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেও কুল রক্ষা না হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।