নারীর প্রতি সহিংসতাবিরোধী দিবসটি যাতে একটি প্রতীকী দিবসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। রাজধানীতে অনুষ্ঠিত এক শোভাযাত্রা থেকে এই আহ্বান জানানো হয়েছে। এতে দিবসের মূল প্রতিপাদ্যকে বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করারও আহ্বান জানানো হয়েছে।নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ওই শোভাযাত্রার আয়োজন করে। ‘নারীর সাথে, আলোকিত আগামীর পথে’ স্লোগান সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ওই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে বিভাগের শিক্ষার্থীদের জন্য সহিংসতাবিরোধী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, কলা অনুষদের ডিন সদরুল আমিন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ডালেম চন্দ্র বর্মণ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব, শিক্ষক মালেকা বেগম, বিভাগীয় প্রধান সোহেলী খাদিজা আজাদ এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।এ ছাড়া দেশে আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর শাখা দুপুরে মিরপুর এক নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে এবং বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। এতে আলোচনায় অংশ নেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সারাবান তহুরা প্রমুখ।