শোভাযাত্রা, আনন্দ আর অশ্রুতে দেবী বিদায়
শোভাযাত্রা, ঢাকের বাদ্য, মেলা, আনন্দ এবং একই সঙ্গে চোখের জলে গতকাল শুক্রবার সারা দেশে বাঙালি হিন্দুরা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানিয়েছেন দেবী দুর্গাকে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ঠাকুরগাঁও: বিজয়া দশমীর দিন থেকেই ভক্তরা জড়ো হতে থাকেন টাঙ্গন নদের ঘাটে। কারণ, এ নদীতেই গতকাল দেওয়া হয় দেবী বিসর্জন। দশমীর দিন থেকেই টাঙ্গন নদের ঘাটে শিশুদের খেলনা, কুটিরশিল্প, মৃৎশিল্প, নাগরদোলার ভিড় জমতে থাকে। গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদের ঘাটে গিয়ে দেখা গেছে, প্রতিমা বিসর্জনের জন্য ব্যস্ততা চলছে। পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বলেন, বিসর্জনসহ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেছেন। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন।
দিনাজপুর: গতকাল বেলা তিনটা থেকে প্রতিমাগুলো আনুষ্ঠানিক শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিয়ে যাওয়া হয় পুনর্ভবা নদীর সাধুর ঘাটে। এখানেই নদীতে বিসর্জনের মাধ্যমে দিনাজপুরের মানুষ শেষ বিদায় জানান দুর্গা দেবীকে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রমুখ