প্রায় তিন মাস ঝিমিয়ে থাকার পর চট্টগ্রামের বিএনপি শোভাযাত্রা বের করেছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গতকাল শনিবারের এই শোভাযাত্রায় অংশ নেন দলের বিবদমান নেতাসহ সর্বস্তরের কর্মী-সমর্থকেরা। গতকালের এই কর্মসূচি দলের কর্মী-সমর্থকদের কাছে উৎসবে পরিণত হয়। গতকালের কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি এম মোরশেদ খান ও আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।গতকালের কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁদের হাতে ছিল ডিজিটাল ব্যানার ও ফেস্টুন। ব্যানারে সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যঙ্গাত্মক চিত্রসংবলিত স্লোগান লেখা ছিল। ছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানঘোষিত ১৯ দফা কর্মসূচিরও বক্তব্য। প্রসঙ্গত গত ১৩ মে দলীয় নেতা-কর্মীরা মামলার শিকার হওয়ার পর বিএনপির কার্যক্রম ঝিমিয়ে পড়ে। মামলা নিয়ে ব্যস্ত ছিলেন বেশির ভাগ নেতা-কর্মী। সমাবেশ: নাসিমন ভবন চত্বরের সংক্ষিপ্ত সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গতানুগতিক সাংঘর্ষিক রাজনীতির বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করছি।’বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। আধুনিক রাষ্ট্রে পরিণত করার কাজ শুরুও করেছিলেন। ষড়যন্ত্রকারীদের শিকার হওয়ায় শহীদ জিয়া তাঁর স্বপ্ন পূরণ করে যেতে পারেননি।’