শোভাযাত্রা ও আলোচনায় নারী দিবস পালিত
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বুধবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা থেকে নারীদের অধিকারের বিষয়ে নানা স্লোগান দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) নারী বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারীরা শোভাযাত্রা বের করেন। বিএআরআইয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনের চত্বরে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা হয়।
আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিএআরআইয়ের মহাপরিচালক আবুল কালাম আযাদ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) মো. শোয়েব হাসান প্রমুখ।
ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাবগঞ্জ মহিলাবিষয়ক কার্যালয় গতকাল সকাল ১০টায় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি প্রশাসন ভবনের চত্বর থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। পরে সেখানে আলোচনা সভা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শাহনাজ মিথুন প্রমুখ।
মানিকগঞ্জ জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসন, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন নারীবান্ধব সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় নারীদের অধিকার-বিষয়ক নানা স্লোগান দেওয়া হয়। জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জামিলা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে সকাল ১০টার দিকে শোভাযাত্রা বের করা হয়। এতে উপাচার্য ফারজানা ইসলাম, সহ-উপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়েরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে শেষ হয়। এরপর মিলনায়তনের সেমিনার কক্ষে আলোচনা সভা হয়। এতে উপাচার্য বলেন, নারীর ক্ষমতায়নের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। আর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামগ্রিকভাবে মানুষের মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক রাশেদা আখতার।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন গাজীপুর, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ (ঢাকা) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি}