শোভাযাত্রা ও বিশ্বশান্তি কামনায় সারা দেশে বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত
শান্তি শোভাযাত্রা, বুদ্ধপূজা, শীল গ্রহণ ও পিণ্ডদানের মাধ্যমে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ—একই দিনে এ তিন ঘটনার স্মৃতিকে স্মরণ করে গতকাল দেশব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারে ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটার দিকে আন্তর্জাতিক বিহার ও ধর্মরাজিক বৌদ্ধ বিহার থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। এতে বৌদ্ধ ভিক্ষুসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষেরা অংশ নেন। পরে আয়োজন করা হয় ভিক্ষুসংঘের প্রাতরাশ ও পিণ্ডদান। বিকেলে ধর্মরাজিক বৌদ্ধ বিহার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সভায় শুদ্ধানন্দ মহাথেরো বলেন, মানবতার কল্যাণে আজীবন অহিংস ও মানবপ্রেমের অমিয় বাণী প্রচার করেছেন গৌতম বুদ্ধ। মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন ও জীবের প্রতি বুদ্ধের গভীর মমত্ববোধের শিক্ষা আজও সমহিমায় দেদীপ্যমান। বিকেলে বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সন্ধ্যায় আয়োজন করা হয় প্রদীপ পূজা, শীল গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষদের সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করেন। এতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহ্জাহান মিয়া, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাও দেশবাসীকে বুদ্ধপূর্ণিমার অভিনন্দন জানান।