শোভাযাত্রা, চলচ্চিত্র প্রদর্শনীতে জঙ্গিবাদ নির্মূলের আহ্বান
‘তরুণ প্রজন্ম দিচ্ছে ডাক/ জঙ্গিবাদ নিপাত যাক’ স্লোগান সামনে নিয়ে জয়পুরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সাইকেল শোভাযাত্রা হয়েছে। আর সিরাজগঞ্জে হয়েছে আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচিগুলো পালিত হয়।
জয়পুরহাটের নাট্য পরিষদ ও সামাজিক সংগঠন ‘পাশে আছি আমরা’ যৌথভাবে সাইকেল শোভাযাত্রা বের করে। তরুণ প্রজন্মের মধ্যে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। বাঁশি বাজিয়ে ওই শোভাযাত্রার উদ্বোধন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। গতকাল বেলা ১১টায় জয়পুরহাট শহরের শহীদ আবুল কাশেম ময়দান
থেকে ওই দুই সংগঠনের ৩০ জন তরুণ শিক্ষার্থীর সাইকেল নিয়ে পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার ছাড়াও জয়পুরহাট জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি ও লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক দিলীপ সেন ও ‘পাশে আছি আমরা’ সংগঠনের সভাপতি খ ম আরাফ রাহমান।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রাটি পৌর এলাকা প্রদক্ষিণকালে বিভিন্ন মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে।
এদিকে ‘সিরাজগঞ্জে জঙ্গিবাদ-সন্ত্রাস করবই নির্মূল’ এবং ‘জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে এগিয়ে আসুন’ শীর্ষক আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। গতকাল সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী হয়।
জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত। সভায় অন্যদের মধ্যে
বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ জেসমিন আখতার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল
উদ্দিন ও জেলা তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ‘বাঙালি বীরের জাতি। রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এ জাতি কখনোই জঙ্গিবাদ ও সন্ত্রাসের কাছে পরাজিত হবে না। জঙ্গিরা যতই শক্তিশালী হোক না কেন, সিরাজগঞ্জ জেলা তথা দেশ থেকে উৎখাত করা হবে।’
আলোচনার আগে প্রজেক্টরের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অপরদিকে একই দিন সকালে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক পদযাত্রা ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনাসভায় মিলিত হয়।
একই দিন সকাল ১০টায় উল্লাপাড়া বাজার বাসস্ট্যান্ডে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) উল্লাপাড়া শাখা জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে জঙ্গিবাদ প্রতিরোধে সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মীর শহিদুল ইসলামু, গোলাম মোস্তফা, জাসদ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।