শোভাযাত্রা নিয়ে মনোনয়ন ফরম জমা, সংঘর্ষে আহত ১৫

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নড়াইল ও কালিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গতকাল রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এদিকে কার্যালয় চত্বরে নড়াইল পৌরসভার সম্ভাব্য দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন।
নড়াইল পৌরসভায় সম্ভাব্য ১০ মেয়র প্রার্থী হলেন সোহরাব হোসেন বিশ্বাস, বিশ্বাস জাহাঙ্গীর আলম, সরদার আলমগীর হোসেন, মো. হাসানুজ্জামান, কাজী ইসমাইল হোসেন, খন্দকার মুনছুর বিল্লাহ, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, আঞ্জুমান আরা, বদরুল ইসলাম। কালিয়া পৌরসভায় ছয়জনের মধ্যে বর্তমান মেয়র এমদাদুল হক, সাবেক মেয়র একরামুল হকসহ কোমল আঁখি, লায়েক শেখ, ওহিদুজ্জামান হীরা ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। গতকাল রোববার বেলা ১১টায় নড়াইল এবং বেলা তিনটায় কালিয়া পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সামনে ফরম জমা দেন এবং সাক্ষাৎকার পর্বে অংশ নেন।
এদিকে সাক্ষাৎপর্ব চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে নড়াইল পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও সাইফুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে দুই দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিন-চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। উভয় পক্ষের সমর্থকেরা পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে ১৫/১৬ আহত জন সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল নিয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান বলেন, পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে গতকাল রোববার নড়াইল ও কালিয়া পৌরসভার ১৬ জন প্রার্থী তাঁদের মনোনয়ন ফরম দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠানো হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রায়হান কাওছার বলেন, এটা দলীয়ভাবে মনোনয়ন ফরম জমা এবং সাক্ষাৎকার গ্রহণের দিন ছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে প্রশাসন সতর্ক ছিল।