শোভাযাত্রার নামে নির্বাচনী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার বিকেল পাঁচটায় কক্সবাজার শহরে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় স্লোগান দেওয়া হয় দলের মেয়র প্রার্থী ও জেলা জাপার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদারের পক্ষে। রুহুল আমিন শোভাযাত্রার সামনে থেকে হাত তুলে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে সালাম জানান ও দোয়া চান। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। দলীয় সূত্র জানায়, বিকেল পাঁচটায় জেলা জাপার সভাপতি মৌলভি মো. ইলিয়াছের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলিডে মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় দলের মেয়র প্রার্থী রুহুল আমিন সিকদারের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে মেয়র প্রার্থী রুহুল আমিন সিকদার বলেন, ‘নির্বাচনের মধ্যে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল। তাই পেছন থেকে অতি উৎসাহী হয়ে কর্মীরা সম্ভবত আমার পক্ষে নির্বাচনী স্লোগান দিয়েছেন। পরে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে দেখে স্লোগান বন্ধ করা হয়।’ দুই হাত তুলে জনগণকে শুভেচ্ছা জানানো প্রসঙ্গে জানতে চাইলে রুহুল আমিন বলেন, ‘মিছিলের সামনে থাকলে লোকজনের ডাকে হাত তুলে সাড়া দিতে হয়।’কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা নূরুল আলম নিজামি জানান, বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে কেউ তাঁকে লিখিতভাবে জানায়নি।