শোভাযাত্রার নেতৃত্বে শিবিরের 'পলাতক' নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের খাতায় তাঁরা পলাতক আসামি। তবে প্রকাশ্য রাজপথে শোভাযাত্রায় নেতৃত্ব দিলেও তাঁদের ধরতে পারেনি পুলিশ। পুলিশের ওপর হামলা-মামলার ‘পলাতক’ এই আসামিরা হলেন রাজশাহীর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা।


ছাত্রশিবিরের কেন্দ্র থেকে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৪ উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবির আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সকাল আটটার দিকে শোভাযাত্রাটি নগরের সাহেব বাজার মণিচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ স্কুলের সামনে গিয়ে শেষ হয়।


রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, শিক্ষা সম্পাদক রফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক ইউসুফ আলী, পাঠাগার সম্পাদক রফিকুল ইসলাম রতন প্রমুখ।


নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর শরীফ জানান, জসীম উদ্দিনের বিরুদ্ধে গত বছরের ৩১ মার্চ নগরের রানীবাজারে পুলিশের এসআই মকবুলের হাত উড়িয়ে দেওয়া, পরের দিন নগরের শালবাগান এলাকায় পুলিশের এসআই জাহাঙ্গীরের ওপর হামলাসহ অন্তত সাত-আটটি মামলা রয়েছে। এ ছাড়া রফিকুল, ইউসুফ আলী ও সংগঠনের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম বিভিন্ন মামলায় পলাতক আসামি।


জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, ‘মহানগরের নেতারা প্রায় বিভিন্ন মামলার আসামি। পুলিশ খবর পেয়ে যেতে যেতেই ওরা পালিয়ে যায়।’
এ ব্যাপারে ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।