শোরগোল বাদ দিয়ে মনোযোগী শ্রোতার ভূমিকায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা তখনো ১২টার ঘর পেরোয়ানি। তার আগেই শ চারেক শিক্ষার্থী ভিড় জমিয়েছে চট্টগ্রাম নগরেরর সিলভার বেলস গার্লস হাইস্কুলের মিলনায়তনে। বিজ্ঞান নিয়ে কথা বলতে জড়ো হয়েছে তারা। মিলনায়তনে হইচই, শোরগোল। দুপুর ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় বিজ্ঞানবিষয়ক কর্মশালা। শিক্ষার্থীদের সবাই তখন মনোযোগী শ্রোতা।
গতকাল সোমবার রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞানবিষয়ক কর্মশালার পঞ্চম দিনের আসর বসেছিল নগরের দুটি বিদ্যালয়ে। একটি সিলভার বেলস গার্লস হাইস্কুলে, অন্যটি সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজে। সানশাইনের কর্মশালা শুরু হয় বেলা সোয়া দুইটায়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রশিক্ষক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাষক সৈয়দ মো. মিনহাজ হোসাইন।
কর্মশালায় একটি নতুন বিজ্ঞান প্রকল্প কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে দুটি বিদ্যালয়ের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
কর্মশালা শেষে বিজ্ঞানবিষয়ক প্রশ্নোত্তর পর্বে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচজন করে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সিলভার বেলস গার্লস হাইস্কুলের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা তহুরা হাফিজ। এ সময় প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকিয়া কবির উপস্থিত ছিলেন। সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বিজ্ঞান শিক্ষক বিপ্লব চৌধুরী।
আজ মঙ্গলবার নগরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উৎসব আয়োজনের প্রাথমিক পর্যায়ে নগরের ২০টি বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞানবিষয়ক কর্মশালা। আগামী ৮ এপ্রিল নগরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে বসবে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞানবিষয়ক কুইজের আসর। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা।