শোলাকিয়ায় ঈদের জামাতে এবার মুসল্লি কম
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার নামাজে গত কয়েক বছরের মধ্যে এবার মুসল্লিদের উপস্থিতি ছিল সবচেয়ে কম। আগের রাতে ও ঈদের দিন সকাল সোয়া সাতটা পর্যন্ত বৃষ্টি এবং পিডিবির অব্যবস্থাপনার কারণে এবার এই মাঠে মুসল্লির উপস্থিতি আশঙ্কাজনক হারে কম হয়েছে। মাঠ পরিচালনা কমিটি ও অন্যান্য সূত্রে এ কথা জানা গেছে।
গত বুধবার সকাল নয়টায় শোলাকিয়ায় অনুষ্ঠিত ঈদুল আজহার ১৮৬তম জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
সূত্র জানায়, এবার মুসল্লির উপস্থিতি কম হওয়ার অন্যতম কারণ ছিল রাতে ও ভোরে বৃষ্টি হওয়ায় কাদা পানিতে একাকার হয়ে যায় শোলাকিয়া ময়দান। বৃষ্টির কারণে শহরের প্রতিটি মসজিদে ঈদের জামাত হয়েছে। ফলে শোলাকিয়ার জামাতে নামাজ পড়তে আসা মুসল্লির সংখ্যা কমে যায়।
সূত্র জানায়, মুসল্লি কমে যাওয়ার আরেকটি কারণ ছিল কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চরম অব্যবস্থাপনা। শোলাকিয়া ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. জালাল উদ্দিন ও হানিফ উদ্দিন জানান, বিদ্যুৎ না থাকায় ময়দানের আশপাশের ২৫টি মহল্লার বহু মানুষ শোলাকিয়ায় নামাজ পড়তে উৎসাহ হারিয়ে ফেলেন।
পিডিবির কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, লাইনে ত্রুটির কারণে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়নি।