শোলাকিয়ার ঈদের জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এ বছরও দেশের সর্ববৃহত্ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। গত সোমবার শোলাকিয়ায় অনুষ্ঠিত ১৮৫তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।রাতে বৃষ্টি হওয়ায় কাদা-পানিতে একাকার মাঠ সকাল পৌনে নয়টাই কানায় কানায় ভরে যায়। মুসল্লিদের উপচে পড়া ভিড়ে মাঠের পাশে বাড়িঘর ও বিভিন্ন সড়কে নামাজ পড়তে দাঁড়িয়ে যান মুসল্লিরা। সকাল নয়টা থেকে টানা বৃষ্টির মধ্যে মাঠে পলিথিন, পত্রিকা, চাদর বিছিয়ে মুসল্লিরা নামাজের কাতারে দাঁড়িয়ে পড়েন। সকাল ১০টায় নামাজ শুরু হয়। পর্যাপ্ত জায়গার অভাবে এবার প্রায় ২০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেননি বলে মাঠ পরিচালনা কমিটির সদস্যরা জানান। সাংসদ আফজাল হোসেন, জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শহরের গণ্যমান্য ব্যক্তিরাসহ সাড়ে তিন লাখেরও বেশি মুসল্লি এবার শোলাকিয়ায় নামাজ পড়েন।শোলাকিয়ায় নামাজ পড়ার জন্য কয়েক দিন ধরেই গাজীপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরসহ ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে কিশোরগঞ্জে মুসল্লিরা আসতে শুরু করেন। অনেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের বাসায়, আবাসিক হোটেলে, শহরের মসজিদগুলোতে এবং ঈদগাহের মাঠে খোলা আকাশের নিচে রাত যাপন করেন।গাজীপুরের কালিয়াকৈর থেকে মো. আবদুল আলী (৪৮), সুনামগঞ্জের শাল্লা থেকে সামিউল হক (৫০), সিলেট থেকে আলহাজ আবু দাউদ (৫৫), যশোর থেকে মো. শাহজাহান (২৭), নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রুহুল আমিন শোলাকিয়ায় ঈদের নামাজ পড়তে আসেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের ইচ্ছা আল্লাহ আজ কবুল করলেন। নামাজ পড়ে শান্তি পেলাম। বড় জামাতের মোনাজাতে শরিক হতে পেরে পাপ মোচন হবে বলে তাঁদের অনেকের বিশ্বাস।হালুয়াঘাট থেকে এসেছেন হরমুজ মিয়া (৬৫)। তিনি বলেন, ‘২২ বছর ধরে এ মাঠে নামাজ পড়ছি। এখানে নামাজ পড়লে আলাদা শান্তি লাগে। একসঙ্গে এত বেশি মানুষ নামাজ পড়লে আল্লাহ বিশেষ রহমত দেন।’এবার জেলা প্রশাসন, পৌরসভা শোলাকিয়া ঈদগাহ মাঠ ও কিশোরগঞ্জ শহর সাজিয়ে ঈদে এক ব্যতিক্রমধর্মী আমেজের সৃষ্টি করেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ, বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ ও শহরের বৈদ্যুতিক খুঁটি এবং শহরজুড়ে বিভিন্ন হাদিস-সংবলিত ব্যানার-ফেস্টুন টানিয়ে মুসল্লিদের শোলাকিয়া ঈদগাহে আমন্ত্রণ জানানোর উদ্যোগ মুসল্লিদের মাঝে বাড়তি অনুপ্রেরণার জোগান দেয়। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স মুসল্লিদের খাওয়ার ব্যবস্থা করে। শোলাকিয়া ময়দানে র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বিশেষ নিরাপত্তাবলয় সৃষ্টি করে।রেওয়াজ অনুযায়ী, নামাজ শুরুর ১৫ মিনিট আগে পরপর তিনবার শর্টগানের গুলি ছুড়ে মুসল্লিদের নামাজে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও যাঁরা দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, সেই সব ব্যক্তি ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মাঠ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, এ বছর সাড়ে তিন লাখেরও বেশি মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। বৃষ্টি না হলে এবার চার লাখেরও বেশি মুসল্লির পদচারণ ঘটত ঐতিহাসিক শোলাকিয়ায়। লোকসমাগম বেশি হওয়ায় মাঠ সংস্কার ও উন্নয়নের দাবি উঠেছে। শোলাকিয়া মাঠের আয়তন বাড়ানো, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাসহ মাঠটি পাকা করার দাবি জানিয়েছে কিশোরগঞ্জবাসী।মেলা: শোলাকিয়ায় বৃহত্ জামাতকে কেন্দ্র করে গ্রামীণ ঐতিহ্যের এক বিশাল মেলা বসে মাঠসংলগ্ন গরুর হাটে। মেলায় অগণিত নারী-পুরুষ তাঁদের চাহিদা অনুযায়ী দেশীয় বিভিন্ন পণ্য কেনেন। কাঠের তৈরি জিনিসপত্র, বিশাল লাঠি, মাটির তৈজসপত্র, বাঁশ ও বেতের জিনিসপত্র মেলায় স্থান পায়। শোলাকিয়া ঈদগাহ কমিটির সম্পাদক ইউএনও নূরে আলম সিদ্দিকী বলেন, ‘মেলাটিও গ্রামীণ ঐতিহ্যের এক বিশাল ভান্ডার হিসেবে আমাদের চলমান সংস্কৃতি ধরে রেখেছে।’