শোলাকিয়ায় ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত
প্রতিবছরের মতো এবারও দেশে ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ১৮৬তম জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ঈদের দিন ভোর থেকে দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লির ঢল নামে শোলাকিয়া ময়দানে। সকাল নয়টার মধ্যে ২৬৫ কাতারের মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় নামাজ শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নেয়।শোলাকিয়া ময়দানে এবার বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ২১টি সিসি টিভির মাধ্যমে মাঠ ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয় ১১টি টাওয়ার। পুলিশের সহস্রাধিক সদস্যের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিন প্লাটুন আর্মড পুলিশ এবং র্যাবের সদস্যরাও নিরাপত্তা রক্ষায় কাজ করেন।নামাজ শুরুর ১৫ মিনিট আগে রেওয়াজ অনুযায়ী পর পর তিনবার শটগানের গুলি ছুড়ে মুসল্লিদের দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা নামাজ আদায় করেন।পুলিশ সুপার বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।