শোলাকিয়ায় ঈদের জামাত নিয়ে জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে গঠিত সাধারণ পরিষদের এক জরুরি সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রোববার এ সভা হয়। মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল, পৌর মেয়র মাজহারুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ। সভায় সদর উপজেলার চেয়ারম্যান আবদুল হাই, পিডিবির নির্বাহী প্রকৌশলী রকিবুল হক, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী তোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার লিটন সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবার শোলাকিয়া ময়দানে ঈদুল ফিতরের ১৮৬তম জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হবে সকাল ১০টায়। সভায় পুলিশ সুপার জানান, ঐতিহ্যবাহী এ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রস্তুত।