শোলাকিয়ায় ঈদের জামাত সকাল নয়টায়
দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল নয়টায়। এবার ১৮৫তম ঈদুল আজহার জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।শোলাকিয়ার ঈদ জামাতকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে ‘শোলাকিয়া বিশেষ ট্রেন’ নামে দুটি ট্রেনের ব্যবস্থা করেছে। একটি ট্রেন ময়মনসিংহ থেকে সকাল পাঁচটা ৪৫ মিনিটে ছেড়ে যাবে এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল সাড়ে আটটায়। অপর ট্রেনটি ভৈরব থেকে ছেড়ে যাবে সকাল ছয়টায়, কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল আটটায়। জামাত শেষে বেলা ১১টায় ট্রেন দুটি কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।ঈদের জামাতের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য জেলা প্রশাসন, মাঠ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ যাবতীয় ব্যবস্থা করেছে। শহরে বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়েছে।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, ‘সব প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মুসল্লিদের অজু, গোসল ও অন্যান্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, ‘মাঠের চারদিকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠে অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে পুলিশের দল কাজ করবে। তা ছাড়া গোয়েন্দা পুলিশ ও র্যাব বিশেষ নিরাপত্তাবলয় সৃষ্টি করবে।’মাঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক জানান, কোরবানির জন্য ঈদুল আজহার নামাজে লোকসমাগম কম হবে।ঈদের নামাজের ১০ মিনিট, পাঁচ মিনিট ও তিন মিনিট আগে বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে মুসল্লিদের সময় জানানো হবে।