শোলাকিয়ায় এবার জনসমাগম কম

বরাবরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের আয়োজন করা হয়।তবে অন্যবারের তুলনায় এবারের জামাতে মানুষের উপস্থিতি কম ছিল।
আয়োজকদের দাবি, এবার কমপক্ষে এক লাখ মানুষ জামাতে অংশ নিয়েছেন।তবে স্থানীয়রা বলছেন, সংখ্যাটি কোনোভাবেই ৫০ হাজারের বেশি নয়।
আজ বুধবার সকাল নয়টার দিকে শোলাকিয়ায় ঈদুল আজহার ১৮৬তম জামাত অনুষ্ঠিত হয়।জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা ও একাত্তরের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শহরের গণ্যমান্য ব্যক্তিত্বরা এ জামাতে অংশ নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠের চারদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি), বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা মেটাল ডিটেক্টর হাতে প্রবেশমুখে কড়া নজরদারি করেন।
এবার বৃষ্টি ও কোরবানির কারণে মানুষের আগমন কম ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।গতকাল রাতে ও আজ ভোরে বৃষ্টি হওয়ায় কাঁদা পানিতে একাকার হয়ে যায় শোলাকিয়া ময়দান।এ ছাড়া কোরবানির সুবিধার্থে প্রতিটি এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।তাই এবার শোলাকিয়ায় অন্য সময়ের তুলনায় মানুষ কম।
এদিকে, কিশোরগঞ্জ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চরম অব্যবস্থাপনার কারণে গতকাল রাত একটা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত শোলাকিয়া ও আশপাশ এলাকায় বিদ্যুত্ না থাকায় মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শোলাকিয়া ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. জালাল উদ্দিন ও হানিফ উদ্দিন রওনক প্রথম আলো ডটকমকে জানান, রাত থেকে এ পর্যন্ত বিদ্যুত্ না থাকায় ময়দানের আশপাশের ২৫টি মহল্লার ২০ হাজার মানুষ শোলাকিয়ায় নামাজ পড়ায় উত্সাহ হারিয়ে ফেলেন। বিদ্যুত্ না থাকায় পানির অভাবে শত শত মানুষ ওজু-গোসল করতে পারেননি।
পিডিবির কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, বিদ্যুত্ লাইনে ত্রুটি থাকার কারণে বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হয়নি।