শোলাকিয়ায় চার লাখ মুসল্লির নামাজ আদায়
প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে অধিক পুণ্য ও আল্লাহর অশেষ রহমত লাভের আশায় চার লাখ মুসল্লি দূরদূরান্ত থেকে এখানে এসে নামাজ আদায় করেছেন।এবার ১৮৪তম ঈদুল ফিতরের জামাতে ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ইমামতি করেন । শেষ রাতের বৃষ্টিতে ঈদগাহের মাঠ কাদা-পানিতে একাকার হয়ে যায়। পলিথিন, পত্রিকা ও চাদর বিছিয়ে মুসল্লিরা কাতারে দাঁড়িয়ে পড়েন। সকাল ১০টায় নামাজ শুরু হয়। শোলাকিয়ায় নামাজ পড়ার জন্য কয়েক দিন আগে থেকে গাজীপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরসহ বিভিন্ন জেলার লোকজন আসতে শুরু করেন। অনেকে আত্মীয়স্বজনের বাসা, আবাসিক হোটেল, মসজিদ ও ঈদগাহে আশ্রয় নেন। বাংলাদেশ রেলওয়ে মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করে। যশোর থেকে আসা মো. শাহজাহান বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছা আল্লাহ আজ কবুল করলেন। নামাজ পড়ে শান্তি পেলাম।’ ময়মনসিংহ জেলগেট থেকে এসেছেন সুরুজ মিয়া (৬৫)। তিনি জানান, ২২ বছর ধরে তিনি এ মাঠে নামাজ পড়ছেন। এখানে নামাজ পড়লে আলাদা শান্তি লাগে। একসঙ্গে বেশি মানুষের সঙ্গে নামাজ পড়লে আল্লাহ বিশেষ রহমত দান করেন। ইন্দোনেশিয়া থেকে মাওলানা খুবাইবের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল শোলাকিয়ায় নামাজ পড়তে এসেছে। মাওলানা খুবাইব জানান, বড় জামাতে সওয়াব বেশি। আল্লাহ রহমত দান করেন। মাঠ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, এ বছর প্রায় চার লাখ মুসল্লি জামাতে নামাজ আদায় করেছেন। বৃষ্টি না হলে এবার এখানে চার লাখেরও বেশি মুসল্লি নামাজ পড়তে আসতেন।লোকসমাগম বেশি হওয়ায় মাঠ সংস্কার, সুষ্ঠু পানিনিষ্কাশনের ব্যবস্থাসহ মাঠটি পাকা করার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জবাসী। বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। শোলাকিয়ায় বৃহৎ জামাতকে কেন্দ্র করে গ্রামীণ ঐতিহ্যের এক বিশাল মেলা বসে মাঠসংলগ্ন গরুর হাটে। মেলায় অগণিত নারী-পুরুষ তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশীয় পণ্য কেনেন। শোলাকিয়া ঈদগাহ কমিটির সম্পাদক ইউএনও নূরে আলম সিদ্দিকী জানান, ‘মেলাটি গ্রামীণ ঐতিহ্যের এক বিশাল ভান্ডার হিসেবে আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছে।’