শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত
ইসলামের চেতনায় অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ ‘শোলাকিয়ায়’ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের কয়েক হাজার মুসল্লি এতে অংশ নেন। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দানে শনিবার সকালে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। ঈদের কয়েক দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শোলাকিয়ায় বিপুলসংখ্যক মুসল্লি অবস্থান নেন। এ ছাড়া যুক্তরাজ্য, থাইল্যান্ড, নাইজেরিয়া, মিসর, মালয়েশিয়া ও তানজানিয়া থেকে আসেন বিপুলসংখ্যক মুসল্লি। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন খান, পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও এখানে ঈদের নামাজ আদায় করেন। শোলাকিয়ায় এবারের ঈদুল আজহার জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ও শোলাকিয়া মাঠের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। নামাজ শেষে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর সংহতি ও ঐক্য এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহ মাঠের চারপাশে বসানো হয় নিরাপত্তা চৌকি। বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য নজরদারি করেন।