শোলাকিয়ায় পানি-শৌচাগারের সুব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোলাকিয়ায় নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
শোলাকিয়ায় নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো

প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এতে একসঙ্গে অন্তত তিন লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

শোলাকিয়ায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার অভিযোগ করেছেন অনেক মুসল্লি। টাঙ্গাইলের সখীপুর উপজেলা সদর থেকে আসা ইসহাক মিয়া (৫২) শোলাকিয়ায় তৃতীয়বারের মতো ঈদের নামাজ আদায় করেছেন। তিনি অভিযোগ করেন, মর্যাদাপূর্ণ এই ঈদগাহে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা তেমন নেই। এর মধ্যে পানি ও শৌচাগার সমস্যা প্রকট। তাঁর মতো আরও অনেক মুসল্লিই এ অভিযোগের কথা জানান। 

সকাল ১০টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন  ঈদগাহর খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ঈদ জামাত শেষে ইসরায়েলের নৃশংসতা থেকে ফিলিস্তিনের গাজাবাসীকে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সংহতি কামনা করা হয়।

নামাজ শুরু হওয়ার আগে সকাল ৯টা ৫৫ মিনিটে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান প্রচলিত রীতি অনুযায়ী শটগানের তিনটি ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে নামাজ আদায়ে মুসল্লিরা কাতার সোজা করে দাঁড়ান। মাঠে স্থান সংকুলান না হওয়ায় শোলাকিয়ার ময়দানের আশপাশের সড়ক, খোলা জায়গা, নরসুন্দা নদীর তীর, এমনকি কোনো কোনো বাড়ির উঠানেও নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন এবং গাজায় নৃশংস হত্যার নিন্দা জানান।

এর আগে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যরা চার স্তরের একটি নিরাপত্তাবলয় সৃষ্টি করেন। তাঁরা সিসি ক্যামেরা ও ১২টি অস্থায়ী টাওয়ারের মাধ্যমে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন। ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র (মেটাল ডিটেক্টর) দিয়ে তল্লাশি করে  মুসল্লিদের  মাঠে ঢোকানো হয়।

শোলাকিয়ায় প্রথমবারের মতো নামাজ আদায় করেছেন নেত্রকোনার ধলামুলগাঁও গ্রামের সাইফুল ইসলাম (২৫)। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শুনেছি বেশি মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করলে ফজিলত পাওয়া যায়। ওই ভাবনা থেকে নামাজ আদায় করতে এসেছিলাম।’