শোলাকিয়ায় বৃহত্তম ঈদের জামাত
দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। শোলাকিয়ায় এবার ছিল ১৮৩তম ঈদুল আজহার জামাত। প্রায় আড়াই শ বছরের পুরোনো এ ঈদগাহে এবারের জামাতে অংশ নেন দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি। জামাতে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হয় সকাল নয়টায়। দূরের মুসল্লিদের অনেকেই চলে আসেন ঈদের আগের দিন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, পৌর মেয়র আবু তাহের মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এই মাঠে নামাজ পড়েন।জনশ্রুতি আছে, শোলাকিয়া মাঠে কোনো এক ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে, এ মাঠের নাম হয় ‘সোয়ালাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।প্রায় সাত একর আয়তনের এ ময়দানে ২৬৫টি কাতারে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এক লাখ ৩২ হাজার পাঁচ শ মুসল্লি। তবে কোরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুল আজহায় এখানে লোকসমাগম হয় তুলনামূলকভাবে কম।