শোলাকিয়ায় বৃহত্তম জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জ শহরের আবাসিক হোটেল, ছাত্রাবাসসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে পুলিশি তল্লাশি ও বিশেষ নজরদারি শুরু হয়েছে।গতকাল শোলাকিয়া ঈদগাহ ময়দানে পুলিশের একটি দল অস্থায়ী তাঁবু (ক্যাম্প) তৈরি করে মাঠের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, মাঠের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ঢাকা ও সিলেট থেকে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দুটি দল শোলাকিয়া মাঠে মেটাল ডিটেক্টরের সাহায্যে বিশেষ অনুসন্ধান চালায়। তিনি আরও জানান, তিন প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা প্রস্তুত থাকবেন, যাতে দেশের দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, দেশের বৃহত্তম ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।