
পাঁচ ফুট বাই পাঁচ ফুটের শোলার ভেলা। উঠতে গেলেই এক পাশে কাত হয়ে যাচ্ছে। বইঠা দিয়ে যে দুই মাঝি ঠেকা দিয়ে আছে তাদের কারও বয়স ১২-এর বেশি নয়। ওইটুকু ভেলায় যাত্রীসংখ্যা ১৯। তাঁদের একজন মো. রবিন বললেন, নৌকা চালু না হওয়া পর্যন্ত যাতায়াতের আর কোনো উপায় নেই।
গুলশান লেকে নৌ চলাচল বন্ধের পর থেকে শোলার ভেলায় এভাবে ঝুঁকি নিয়ে লেক পার হচ্ছেন যাত্রীরা। নৌকা চালুর অনুমতির আশ্বাস দেওয়া হলেও এর কোনো অগ্রগতি নেই।
প্রায় ছয় মাস আগে গুলশান-বনানী লেকে নৌকা চলাচল বন্ধ হয়। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, কূটনৈতিক জোনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লেকে নৌকা চলাচল বন্ধ হওয়ায় প্রায় ৩০০ মাঝি কর্মহীন হয়ে পড়েন এবং কড়াইল এলাকার শিশুদের স্কুলযাত্রা অনিয়মিত হয়ে পড়ে। কড়াইলবাসীর ভোগান্তি নিয়ে গত অক্টোবর মাসের ২৪ তারিখ প্রথম আলোতে ‘নৌ পারাপার বন্ধ, কড়াইল বস্তিবাসী বিপাকে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। তারপর ২৯ অক্টোবর তারিখে প্রথম আলোর ‘নগর-পরিকল্পনা ও বাস্তবায়ন’ গোলটেবিল আলোচনায় নগরবিদদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক গুলশান-বনানী লেকে নৌকায় পারাপারের অনুমতি দেওয়ার কথা বিবেচনার আশ্বাস দেন। কিন্তু তিন মাসেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
গতকাল শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, কড়াইল বউবাজার বড়ঘাট থেকে মহাখালী লেকপারে ১৫ থেকে ১৬টি ভেলা যাতায়াত করছে। প্রতিটি ভেলায় দুজন করে মাঝি। বেশির ভাগ ক্ষেত্রে দুজনই শিশু। ১৫ থেকে ২০ জন করে যাত্রী নিয়ে চলছে একেকটি ভেলা। ভারসাম্য রাখতে যাত্রীরা সব গা ঘেঁষে গোল হয়ে দাঁড়িয়ে লেক পার হচ্ছে।
যাত্রীদের একজন শিউলি বেগম ঠিকে ঝি হিসেবে কাজ করেন। বললেন, ‘৬০ ট্যাকা খরচ কইরা তো রিকশায় যাইবার পারুম না। এমনেই যাই। নৌকায় নিত ২ ট্যাকা। এরা লয় পাঁচ ট্যাকা।’ কখনো কখনো ভেলা উল্টে যায় বলেও জানান তিনি।
শিশুদের দিয়ে ভেলা চালানোর বিষয়ে জানতে চাইলে রুস্তম মাঝি বলেন, ‘ওরা পারে’।
নৌকা চলাচল বন্ধ থাকায় হীরন মাঝি এখন ভেলা চালান। বললেন, তাঁর ঘাটের নব্বই জন মাঝি এখন বেকার। যতোই সময় যাচ্ছে তাদের ঘরে অভাব বাড়ছে। সবাই আশায় আছেন শিগগিরই আবার নৌকা চলাচল শুরু হবে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
এলাকাটি উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ড কমিশনার মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নৌকা চালুর ব্যাপারে মেয়র আমাকে কিছু অবহিত করেন নাই।’