শোষণ-বঞ্চনামুক্ত সমাজের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রার আয়োজন করে সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদ্‌যাপন কমিটি। িজন্দাবাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
সিলেটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রার আয়োজন করে সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদ্‌যাপন কমিটি। িজন্দাবাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে গতকাল বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এই তিনটি জেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৌলভীবাজারে আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীরা আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। তাঁদের কখনো বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, কখনো বলা হচ্ছে উপজাতি। তাঁদের আদিবাসী হিসেবে স্বীকৃতি নেই। আজ আদিবাসী মাত্রেই প্রান্তিক ও দারিদ্র্য। তাঁদের ভাষা ও সংস্কৃতি বিপন্ন। আদিবাসীদের ভূমি, গ্রাম, সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে—তার কারণ খুঁজতে হবে। এরপরও আদিবাসীরা স্বপ্ন দেখেন একটি শোষণ-বঞ্চনামুক্ত সমাজের। একটি কল্যাণকর রাষ্ট্রের।

সিলেট বিভাগীয় আদিবাসী দিবস উদ্‌যাপন কমিটির উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টায় নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে আবার একই স্থানে মিলিত হয়। সেখানে আয়োজক সংগঠনের সভাপতি গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে মিলন উরাং, ডেনসিল পড়ুয়েং, সুমেলা পাত্র, শ্রীবাস মাহালী প্রমুখ বক্তব্য দেন। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্গ্রেট সুমের।

সভায় ১৩ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংশোধনী তালিকার গেজেট দ্রুত প্রকাশ, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, আদিবাসীদের জীবন, উন্নয়ন ও ভবিষ্যৎ অস্তিত্বকে প্রভাবিত করে এমন কোনো প্রকল্প বা উন্নয়ন কর্মসূচি গ্রহণের আগে আদিবাসীদের সঙ্গে অর্থপূর্ণ বাধ্যতামূলক সংলাপ করা, আদিবাসীদের ঐতিহ্যগত বা প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান এবং চা-বাগানে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও উন্নয়নের নামে উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধ করা।

সভায় আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ।

শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা, নাটক মঞ্চস্থসহ নানা আয়োজনে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ব্যানারে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে গ্রামের মাঠে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন থেংসুয়া কৃষি সমবায় সমিতির সভানেত্রী পান্না রানি হাউই। বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদর উপজেলা শাখার সভাপতি পৌল সাংমা, বেসরকারি সংস্থা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা মলয় বিকাশ দাশ, উইলসন ডালবৎ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

দুপুর ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফোরামটির কো-চেয়ারপারসন আনন্দ মোহন সিনহা। ফোরামের যুব ও ক্রীড়া সম্পাদক ভিমপল সিনহা সভা সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান ও আওয়ামী লীগের নেতা অপূর্ব কান্তি ধর। সভায় স্বাগত বক্তব্য দেন আয়োজক ফোরামের মহাসচিব পিলা পতমী।

এর আগে বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলায় বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। দুপুরে শ্রীমঙ্গল নটর ডেম জুনিয়র স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া শ্রীমঙ্গলের শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সুনামগঞ্জ অফিস এবং মৌলভীবাজার, সিলেট ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি]