বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের শোষণহীন সমাজের স্বপ্ন দেখতেন। আর বাংলার মুক্তিকামী মানুষকে উদ্বুদ্ধ করতেন সে সমাজ গড়ে তুলতে। কিন্তু তাঁর সে স্বপ্ন অধরাই থেকে গেছে। ধর্মভিত্তিক রাজনীতি আর বিশ্বাসঘাতকদের কারণে এ সমাজের মানুষের মুক্তির স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। বাংলাদেশে বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্যই এই বিশ্বাসঘাতকদের নির্মূল করতে হবে।শহীদ কর্নেল আবু তাহেরের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এ সভার আয়োজন করে। কর্নেল আবু তাহেরের ‘মুক্তিযোদ্ধারা আবার জয়ী হবে’ শীর্ষক একটি লেখা সভার মূল প্রবন্ধ হিসেবে পাঠ করা হয়। সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবি জানান। তাঁরা বলেন, যুদ্ধ চলাকালে যাঁরা পাকিস্তানিদের হয়ে প্রচারণায় মত্ত ছিলেন, ১৬ ডিসেম্বরের পর তাঁরাই সংস্কৃতির মধ্যমণি হয়েছেন। স্বাধীনতার পর এঁরা আবার দেশপ্রেমিক হলেন। এঁরা বিশ্বাসঘাতক, সর্বযুগে সর্বক্ষেত্রে দেশদ্রোহী ক্ষমতার অযোগ্য বাংলার সরল জনগণের মাথার বোঝা। আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি মুশতাক হোসেন, সংগঠনটির বর্তমান সভাপতি হোসাইন আহমেদ তফছির, সাধারণ সম্পাদক মুহম্মদ সামছুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তৈমুর ফারুক তুষার।