‘কমরেডস, যেদিন একতায় কাজ শুরু করেছিলাম সেদিন ভেবেছিলাম, এ পর্যন্ত থাকা হবে না। কিন্তু এখানে এসে মনে হচ্ছে, আমার যাওয়াই হবে না। ১৯৪২ সালে ঢাকায় এসেছিলাম। এরপর গণমানুষের সংগ্রামে অংশ নিয়ে কাজ শুরু করি একতায়। আমার জীবনে আমি কখনো একতাকে হারাই নাই। নিজেও হারি নাই।’ বলছিলেন স্মৃতিচারণায় মগ্ন একতা পরিবারের প্রবীণতম সদস্য বর্ষীয়ান দার্শনিক সরদার ফজলুল করিম।হাসি-আড্ডায় সাপ্তাহিক একতার ৪০ বছর উদ্যাপন করতে গিয়ে আবারও শোষিত মানুষের পক্ষে সংগ্রামের ডাক দিয়েছেন একতা পরিবারের সদস্যরা। বয়স, অসুস্থতা কোনোটাই তাঁদের দমাতে পারেনি। বাম রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা শুধু স্মৃতিতে নয়, বাস্তব জীবনেও প্রতিফলিত করার শপথ নিলেন তাঁরা। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে নবীন-প্রবীণ সমন্বয়ে একতা পরিবার মিলিত হয় ‘স্বজন সম্মিলনে’। গণমানুষের মুখপাত্র সাপ্তাহিক একতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ৪০টি প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অশীতিপর সরদার ফজলুল করিম। এম এম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন একতার সম্পাদকমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ শীর্ষক খবর ক্লিক করে একতার ওয়েবসাইট উদ্বোধন করেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান। অনুষ্ঠানে সরদার ফজলুল করিম স্মরণ করেন কমরেড মণি সিংহ এবং কমিউনিস্ট রাজনীতির বিভিন্ন কার্যক্রমে তাঁর অবদানকে। মণি সিংহের জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি জানান, দেশভাগের আগে নেত্রকোনায় অনুষ্ঠিত ভারত কৃষক সম্মেলনে স্থানীয় কৃষকেরা উপস্থিত কমরেডদের চুপ করিয়ে দিয়ে বলেন, ‘তোরা চুপ কর, আমাদের মণিদাটা এখন কথা বলবেন।’মনজুরুল আহসান খান বলেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব সময় গণমানুষের কণ্ঠ ছিল একতা। মোজাম্মেল হোসেন মঞ্জু বলেন, ১৯৭০ থেকে ’৯১—জীবনের একটি বড় অংশ একতার সঙ্গেই ছিলাম। এই দেশের সাধারণ সংগ্রামী মানুষের সঙ্গে জড়িত রয়েছে একতা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিচারপতি গোলাম রব্বানী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, অজয় রায়, ড. শহীদুল ইসলাম, সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক বিভুরঞ্জন সরকার, একতা সম্পাদক এ এন রাশেদা, নির্বাহী সম্পাদক শাহীন রহমান, সাংবাদিক রহমান মুস্তাফিজ, চন্দন সাহা প্রমুখ।