শোয়ার ঘর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার শোয়ার ঘর থেকে দশম শ্রেণীর স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা এলাকার হাতিমবাগে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম সাজ্জাদুল ইসলাম। বয়স আনুমানিক ১৬ বছর।  তার বাবার নাম ফয়জুল ইসলাম চৌধুরী। সাজ্জাদুল সিলেট মডেল স্কুলে দশম শ্রেণীতে পড়ত।

পুলিশ জানায়, সাজ্জাদুল গত দুই দিন বাসায় ছিল না। গতকাল বৃহস্পতিবার সে বাসায় ফিরে আসে। আজ সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে ডাকতে গিয়ে দেখেন তার শরীর ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবেন্দু দাশ জানান, আলামত দেখে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে  পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।