শোবার ঘরে ১৮টি গোখরা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী গ্রামের একটি বাড়ি থেকে ১৮টি গোখরা সাপ মারা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ওই গ্রামের মোরশেদুল আলমের শোবার ঘর থেকে সাপগুলো বেরিয়ে আসে।
মোরশেদুল আলমের ছোট ভাই মোকসেদুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় তাঁর ভাবি জোছনা বেগম ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে ছিলেন। হঠাৎ তিনি তাঁর পায়ের নিচে ঠান্ডা কিছু একটা অনুভব করেন। বিছানা থেকে উঠে তিনি টর্চ লাইট জ্বালিয়ে তাঁর পায়ের নিচে প্রায় এক হাত (১৮ ইঞ্চি) লম্বা একটি সাপের বাচ্চা দেখতে পান। সাপ দেখে তিনি ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা গিয়ে ঘরের আসবাবের ভেতর থেকে নয়টি গোখরা সাপের বাচ্চা পেয়ে সেগুলো মেরে ফেলেন। আজ সকালে মাটির ঘরের মেঝে ও দেয়াল খুঁড়ে আরও নয়টি গোখরা সাপ বের করা হয়। সেগুলোও মেরে ফেলা হয়। সাপগুলো ১৮ থেকে ২০ ইঞ্চি দৈর্ঘ্যের।
জোছনা বেগম বলেন, ‘হঠাৎ করে সাপ দেখে আমি প্রচণ্ড ভয় পাই। এরপর আমি ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে ডাকি।’
মোকসেদুল আলম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের ভেতর সাপ বের হওয়ার খবর পেয়ে আমরা ঘরের ভেতরে থাকা সব আসবাব সরাতে থাকি। এতে ঘরের বিভিন্ন জায়গা থেকে সাপ বেরিয়ে আসে। আজ সকালে ঘরের ভেতর সব কটি গর্ত খুঁড়লে আরও সাপ বের হয়ে আসে।’