শোয়ার ঘরে ৩৫ গোখরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি বাড়ির শোয়ার ঘর থেকে পাওয়া গেছে ৩৫টি গোখরা সাপ। পাওয়ার পর সাপগুলো মেরে ফেলা হয়েছে।

সদর বাজার এলাকায় মালোপাড়ার বাসিন্দা নীল রতন বিশ্বাসের শোয়ার ঘরে গত বৃহস্পতিবার ও শুক্রবার মোট ৩৫টি গোখরো সাপ ও সাপের বাচ্চা পাওয়া যায়। সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন তাঁরা। নীল রতনের বাড়িটির মেঝে মাটির। এতে গর্ত খুঁড়ে ছিল সাপগুলো। এই বাড়িতে তিনি স্ত্রী এবং ছয় ছেলেমেয়ে নিয়ে বাস করেন।

নীল রতন বিশ্বাস বলেন, গত বৃহস্পতিবার সকালে শোয়ার ঘরে আনুমানিক আড়াই হাত লম্বা একটি গোখরা সাপ দেখতে পেয়ে সেটিকে পিটিয়ে মারেন তাঁর পরিবারের সদস্যরা। ওই রাতেই দেখা যায় ঘরের মধ্যে তিনটি সাপের বাচ্চা একটি বিড়ালের সঙ্গে খেলা করছে। ওই তিনটি সাপের বাচ্চাও পিটিয়ে মারেন তারা। পরের দিন সকালে এলাকাবাসীকে সাপের বিষয়টি জানান তিনি। পরে এলাকাবাসী গিয়ে ঘরের মাটি খুঁড়ে আরও ৩১টি গোখরা সাপের বাচ্চা খুঁজে পান। সেগুলো পিটিয়ে মেরে ফেলা হয়। এ সময় গর্ত থেকে ৭-৮টি সাপের ডিমও পাওয়া যায়। সাপের বাচ্চাগুলো আনুমানিক এক হাত থেকে সোয়া হাত লম্বা।

নীল রতনের মেয়ে পিয়া বিশ্বাস বলেন, ‘সাপ মারার পর থেকে ভয়ে আমরা রাতে বাড়িতে ঠিকমতো ঘুমতে পারছি না। শুক্রবার বিকেলে তেলজুরি দুর্গাপুর এলাকার এক ওঝাকে এনে ঝাড় ফুঁক দেওয়া হলেও নিশ্চিন্ত হতে পারছি না।’

আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম আহাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।