শৌচাগার চায় বস্তিবাসী
পটুয়াখালী সদরের লাউকাঠী নদীর তীরে স্বনির্ভর বস্তি। দুই শতাধিক পরিবার বাস করে এখানে। একেকটি খুপরি ঘরে আট থেকে ১০ জন মানুষ গাদাগাদি করে থাকে। এ বস্তিতে কোনো শৌচাগার নেই। বাসিন্দারা বাধ্য হয়ে খোলা জায়গায় বা পৌরসভার গণশৌচাগারে যায়। গণশৌচাগার ব্যবহারের বিনিময়ে তিন থেকে পাঁচ টাকা করে দিতে হয়। বস্তির বাসিন্দা মিজানুর রহমান জানান, আসন্ন পৌর নির্বাচনে তাঁরা এমন প্রার্থী চান, যিনি দুঃখের সময় তাঁদের পাশে দাঁড়াবেন। শাহনাজ বেগম জানান, তাঁদের বস্তিতে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা করে দিতে হবে। একই সঙ্গে স্থায়ী আবাসনের ব্যবস্থা তাঁরা চান। লঞ্চঘাট এলাকার বস্তির বাসিন্দারা জানান, নির্বাচন এলেই প্রার্থীরা এলাকায় আসেন। নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা তাঁদের আর খোঁজ নেন না। এ বস্তির বাসিন্দা রানী বেগম (৫০) বলেন, ‘মোরা এ বস্তিতে ৬০টি পরিবার থাহি। এহানে কোনো পাকা ল্যাট্রিন নাই। হেইয়ার লইগ্যা মোরা নদীর তীরে একটি কাঁচা ল্যাট্রিন করছি। কিন্তু জোয়ারের সময় পানিতে হেইড্যা ডুইব্বা যায়। হেই কারণে আমাগো এ জায়গায় একটি পাকা ল্যাট্রিন কইররা দেতে অইবে। এহানে গোসল করারও ভালো ব্যবস্থা নেই।’ সুশাসনের জন্য নাগরিক (সুজন) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ খালেক জানান, মাদকের ব্যবসা ও সন্ত্রাস বন্ধে এলাকাভিত্তিক কমিটি গঠন করার বিষয়ে ভূমিকা পালন করবেন। পৌরসভার লোকসংখ্যা বেড়ে গেছে। বেড়েছে যানবাহন। সে অনুযায়ী সড়কগুলো প্রশস্ত হয়নি। একইভাবে পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থারও তেমন উন্নয়ন হয়নি। নির্বাচিত হওয়ার পর মেয়রকে প্রথমেই এ সমস্যাগুলো দূর করার উদ্যোগ নিতে হবে।