বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের শৌচাগারের ভেতর থেকে দুটি পেট্রলবোমা, ৯৬টি বাঁশের লাঠি ও প্রায় দুই কেজি ওজনের তারকাঁটা জব্দ করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর পৌর শহরের খেজুরতলা এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের শৌচাগারের তালা ভেঙে পুলিশ ওই সব সরঞ্জাম জব্দ করে।
এ ঘটনায় রাতেই শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বিএনপির ২০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুর রহমান।
জানতে চাইলে আবদুল মান্নান বলেন, শৌচাগারের ভেতরে ওই সব সরঞ্জাম কীভাবে ঢুকল, তা বোঝা যাচ্ছে না। রফিকুল ইসলাম দাবি করেন, তাঁদের ফাঁসানোর জন্য কেউ ওই সব সরঞ্জাম রাখতে পারে।