হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় দুই কোটি টাকার দুটি দরপত্রের কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ঠিকাদার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সমঝোতার ভিত্তিতে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন।অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি) অধীনে জেলার আটটি উপজেলায় ৪৯টি শৌচাগার নির্মাণের জন্য দুটি ভাগে দরপত্র আহ্বান করে। এর মধ্যে গত ২৯ এপ্রিল ২০টি শৌচাগার নির্মাণের জন্য প্রায় ৭৪ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। এতে মাত্র তিনটি সিডিউল বিক্রি ও জমা পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স নূর এন্টারপ্রাইজ ১৫ ভাগ বেশিতে কাজটি পায়।হবিগঞ্জের ঠিকাদার আলাউদ্দিন বলেন, হবিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কাজ করেন ৩২ জন ঠিকাদার। তাঁদের কেউই এ দরপত্র সম্পর্কে কিছু জানেন না। ঠিকাদার আবদুল ওয়াহেদ বলেন, বিধি অনুযায়ী দরপত্র বহুল প্রচারিত জাতীয় দৈনিকে প্রকাশ করা ও অফিসের নোটিশ বোর্ডে দরপত্র আহ্বানের বিষয়টি টাঙিয়ে দেওয়ার কথা। কিন্তু হবিগঞ্জে আসে না এমন দুটি সংবাদপত্রে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, এ জেলায় যোগ্যতাসম্পন্ন ঠিকাদার না থাকায় নূর এন্টারপ্রাইজকে এ কাজ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে সরকার নির্ধারিত ২৮টি পত্রিকা আছে। সেই হিসেবে দৈনিক খবর-এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বনিম্ন তিনটি দরপত্র পাওয়া গেছে। মূল্যায়ন করেই নূর এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয়েছে।চেষ্টা করেও নূর এন্টারপ্রাইজের মালিক সুজাত আলীর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। এর আগে গত ১৪ মার্চ অপর ২৯টি শৌচাগারের জন্য এক কোটি পাঁচ লাখ ৫২ হাজার টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এ জন্য ১৭টি সিডিউল বিক্রি হলেও জমা পড়ে মাত্র তিনটি। প্রাক্কলিত ব্যয় থেকে ১৫ ভাগ বেশিতে কাজটি পান ঠিকাদার মর্তুজা হাসান। তিনি জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক।ঠিকাদার ফেরদৌস আহমেদ বলেন, ‘দরপত্র খোলার দিন আমরা দেখেছি, মেসার্স মর্তুজা হাসান ২০ ভাগ কম দরে দরপত্র জমা দেন। কিন্তু পরে জানতে পারি তাঁকে ১৫ ভাগ বেশিতে কাজ দেওয়া হয়েছে।’মর্তুজা হাসান বলেন, ‘সব দপ্তরেই সমঝোতায় কাজ হয়। এটা কোনো দুর্নীতি নয়। এ ক্ষেত্রে আমরা সবাই মিলেই কাজটা নিয়েছি।’ফিরোজ আলম বলেন, ‘ঠিকাদারেরা কী করল না-করল তা আমার দেখার বিষয় নয়। কাজ পাওয়া ঠিকাদার মর্তুজা হাসান ২০ ভাগ কমে দরপত্র জমা দেন। সেটা ভুল করে দিয়েছেন। পরে আমরা হিসাব করে দেখি, ১৫ ভাগ বেশি আছে। খোলা দরপত্রে কম-বেশি কোনো বিষয় নয়। এখানে আমরা দেখি যে প্রতিষ্ঠান কাজ পেয়েছে তার অভিজ্ঞতা আছে কি না।’ তিনি জানান, এখনো কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি।