শৌচাগার সাফ করতে হয় তাই স্কুলে যেতে মানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে শৌচাগার পরিষ্কার করতে বাধ্য করার অভিযোগ এনে ঠাকুরগাঁও সদর উপজেলার বাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যেতে নিষেধ করে দিয়েছেন তাদের অভিভাবকেরা। ফলে দুই দিন ধরে বিদ্যালয়টির পাঠদান বন্ধ আছে।ঠাকুরগাঁও সদর উপজেলার ওই বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক প্রভাতি রানী অভিযোগ করেন, ‘শিক্ষকেরা স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে প্রতিদিন দু-তিনবার বাথরুম (শৌচাগার) পরিষ্কার করান। সেই বাথরুম তাদের ব্যবহার করতে না দিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ছাড়াও শিক্ষকেরা ছাত্রছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন।’গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অফিসকক্ষে তিন শিক্ষিকা বসে আসেন। আর শ্রেণীকক্ষের বাইরে বসে আছে চার-পাঁচজন শিক্ষার্থী। বাকি সব শ্রেণীকক্ষ ফাঁকা পড়ে আছে। বিদ্যালয় বন্ধ কি না, জানতে চাইলে প্রধান শিক্ষক তৌহিদ আরা বেগম বলেন, ‘ঝাড়ুদারের পদ না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা মিলেমিশে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাথরুম পর্যন্ত পরিষ্কার করে থাকে। এই শিক্ষা তাদের জীবন গঠনে কাজে আসে বলেই আমরাও শিক্ষার্থীদের এসব কাজে সম্পৃক্ত করেছি।’প্রধান শিক্ষিকা অভিযোগ করেন, ‘গত রোববার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র বর্মণের ছেলে শুভ চন্দ্র বর্মণ শৌচাগার পরিষ্কার করলে তিনি বিষয়টি মেনে নিতে পারেননি। পরে আমাদের সঙ্গে কথা না বলে তিনি বিদ্যালয়ের সব অভিভাবককে ডেকে তাঁদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে নিষেধ করে দেন। সেখানে যেসব অভিভাবক যাননি, রাতে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের স্কুলে না পাঠাতে নির্দেশ দিয়ে আসেন।’ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘অভিভাবকেরা আমার কাছে অভিযোগ করেন, স্কুলের আপারা ছাত্রছাত্রীদের দিয়ে শৌচাগার পরিষ্কার করান। এ ছাড়াও নদীরপাড় থেকে শাক তুলে আনাসহ আরও অনেক ব্যক্তিগত কাজ করিয়ে নেন। এরপর অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেন।’ আপনি নাকি নিজেই অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে নিষেধ করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিভাবকেরা আমাকে নিয়ে গিয়েছিলেন।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তৌফিকুজ্জামান বলেন, ঘটনা বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।