শৌচাগারকে দোকানঘর হিসেবে বরাদ্দ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খুলনার টার্মিনাল মার্কেটের একমাত্র শৌচাগার ও প্রস্রাবখানা দোকানঘর হিসেবে বরাদ্দ দিয়েছে। ফলে ওই মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা বিপাকে পড়েছেন।ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা ১৯৭৬ সাল থেকে বিআইডব্লিউটিএ খুলনা টার্মিনাল মার্কেটের ১৬টি দোকানঘর কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ নিয়ে ব্যবসা করছেন। দোকান মালিক ও কর্মচারীদের ব্যবহারের জন্য সে সময় থেকে মার্কেটে একটি শৌচাগার, প্রস্রাবখানা ও অজুর ব্যবস্থা রাখা হয়। কিন্তু বিআইডব্লিউটিএর খুলনা ঊর্ধ্বতন উপপরিচালক (বন্দর ও পরিবহন) আরিফ উদ্দিন শৌচাগারটি দোকানঘর হিসেবে জনৈক আবুল হোসেন নামের এক ব্যক্তিকে টাকার বিনিময়ে বরাদ্দ দিয়েছেন। বর্তমানে ওই কর্মকর্তা ঢাকায় কর্মরত আছেন। বরাদ্দ পাওয়ার পর আবুল হোসেন এটি ভেঙে ফেলে সেখানে দোকানঘর করেছেন। অভিযোগ প্রসঙ্গে এ কে এম আরিফ মুঠোফোনে জানান, শৌচাগারটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। বহিরাগতরা তা ব্যবহার করে মারাত্মক দূষণ করছিল। তা থেকে পরিত্রাণ পেতে সেটিকে দোকানঘর হিসেবে বরাদ্দ দেওয়া হয়।