শৌচাগারে দুই কোটি টাকার সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে গতকাল মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি এবং এর বাজারমূল্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা। এর আগে সকালে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আয়েশা আক্তার প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর বেল্টের একটি শৌচাগার থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কৌশল হিসেবে কোনো যাত্রী সোনার বারগুলো ওই শৌচাগারে রেখেছিলেন। সেখান থেকে কোনো অপরাধীর সেগুলো হয়তো বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেগুলো সরানোর আগেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা খবর পেয়ে যান। আয়েশা আক্তার আরও বলেন, এর আগে সকাল নয়টার দিকে দুবাই থেকে আসা ইতিহাদ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে আমদানি নিষিদ্ধ এক কোটি টাকার বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তবে কে বা কারা এগুলো এনেছে, তা জানা যায়নি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ছিল।