চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত গণশৌচাগারগুলোতে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি নগরের বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে শৌচাগারগুলোর অবস্থাও নাজুক। পর্যাপ্ত শৌচাগার না থাকায় শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা নিয়মিত দুর্ভোগে পড়ছেন। গতকাল শনিবার নগরের আন্দরকিল্লা, জেল সড়ক, লালদীঘির পাড়, কাজীর দেউড়ি, স্টেশন রোড, মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় চসিক নির্মিত গণশৌচাগারগুলো ঘুরে দেখা গেছে, কোনোটিতেই নারীদের জন্য আলাদা ব্যবস্থা নেই। শৌচাগারগুলো আবর্জনা ও দুর্গন্ধে ভরা। দু-একটি স্থানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও সেগুলো কার্যত পুরুষদের দখলে।চসিক ভূমি শাখা সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্মিত এবং ইজারাকৃত গণশৌচাগারের সংখ্যা ৫১টি। এর মধ্যে পর্যাপ্ত পানি-বিদ্যুতের অভাব, মেরামত এবং ইজারা না হওয়ায় বন্ধ হয়ে আছে ১০টি। এর কোনোটিতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা নেই। চসিকের ভূমি কর্মকর্তা আহমেদুল হক প্রথম আলোকে বলেন, গণশৌচাগারগুলোতে নারীদের জন্য ব্যবস্থা রাখার বিষয়ে কোনো অভিযোগ কিংবা প্রস্তাব আমরা পাইনি। তবে বিষয়টি আগামী সাধারণ সভায় ওঠানো হবে।অন্যদিকে চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শৌচাগার নেই। চট্টগ্রাম কলেজ সূত্র জানায়, কলেজের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকই ছাত্রী। গতকাল শনিবার দেখা গেছে, প্রশাসনিক ভবনের নিচতলা এবং তৃতীয় তলার শৌচাগার দুটি ব্যবহারের অযোগ্য হওয়ায় অব্যবহূত পড়ে আছে। ছাত্রীদের একমাত্র ভরসা মিলনায়তনের শৌচাগার দুটি। এর মধ্যে একটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। স্মাতক (পাস) প্রথম বর্ষের ছাত্রী পারভীন আক্তার প্রথম আলোকে বলেন, সারা দিন বিভিন্ন বিভাগের আলাদা ভবনে ক্লাস হয়। বিভাগগুলোতে আলাদা শৌচাগারের ব্যবস্থা নেই। ক্লাসে বিরতি থাকলে বা সব ক্লাস শেষ করে মিলনায়তনে এসেও সারিবদ্ধভাবে অপেক্ষার পর শৌচাগার ব্যবহার করতে হয়। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার ছাত্রীদের জন্য শৌচাগার সংখ্যার অপর্যাপ্ততার কথা স্বীকার করে বলেন, শৌচাগার অপ্রতুলতার বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। এ ছাড়া এই বিষয়ে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরে কলেজের চাহিদার কথা জানালেও পূরণ করতে পারেনি। সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্রীদের জন্য পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নেই। নাট্যকলা বিভাগের শিক্ষার্থী নিশিগন্ধা জানান, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের দ্বিতীয় তলায় ছাত্রীদের জন্য চারটি টয়লেটের দুটিই ব্যবহারের অযোগ্য। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক নারী শিক্ষার্থী বলেন, বেলা একটা বাজতেই শৌচাগারে তালা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরেও আলাদা শৌচাগার নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ মনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, দীর্ঘক্ষণ ধরে প্রস্রাব বা পায়খানা চেপে রাখার ফলে মূত্রথলি বড় হয়ে যায় ও প্রদাহের সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এতে দীর্ঘমেয়াদে কিডনির বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।