শৌচাগারের কূপ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাসরোধে হত্যার ১৮ দিন পর গতকাল শুক্রবার শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের একটি বাড়ির শৌচাগারের কূপ থেকে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। হতভাগ্য গৃহবধূর নাম নূরজাহান বেগম ওরফে আসমা (২৮)। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ নূরজাহানের স্বামী শফিকুল ইসলামকে আটক করেছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ, স্থানীয় ব্যক্তি ও নূরজাহানের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তারাগড় নামাপাড়া গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে ওই ইউনিয়নের পাকুরিয়া চকপাড়া গ্রামের নূরজাহানের বিয়ে হয়। তাঁদের দুটি মেয়ে রয়েছে। ছয় মাস আগে শফিকুল ভীমগঞ্জ বাজারের একটি দর্জির দোকানে শ্রমিক হিসেবে কাজ নেন। এরপর তিনি কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রওশন আরা বেগমের ভীমগঞ্জ বাজারের বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। তিন মাস আগে শফিকুল আরেকটি বিয়ে করেন। এ নিয়ে শফিকুল ও নূরজাহানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত ১৩ জুন রাতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শফিকুল নূরজাহানকে শ্বাসরোধে হত্যা করে বাড়িসংলগ্ন শৌচাগারের কূপের ভেতর ফেলে দেন। বিষয়টি শফিকুল গোপন রেখে তাঁর স্ত্রী পালিয়ে গেছেন বলে প্রচার করেন।খবর পেয়ে সদর থানার পুলিশ বিকেলে নূরজাহানের লাশ উদ্ধার করে এবং হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুলকে আটক করে।