শৌচাগারের দেয়াল ধসে তরুণী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় একটি হোটেলের শৌচাগারের দেয়াল ধসে নাসিমা খাতুন (১৮) নামের এক পোশাকশ্রমিক নিহত ও তাঁর বোন নাজমা আহত হয়েছেন।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। হতাহত ওই দুই বোন নীলফামারী সদর উপজেলার তরণী এলাকার সিরাজুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিমা ও নাজমা ওই দিন রাতে বাসে করে নারায়ণগঞ্জ থেকে নীলফামারী যাচ্ছিলেন। বাসটি সলঙ্গার ধোপাকান্দি বিসমিল্লাহ হোটেলে যাত্রাবিরতি করে। ওই দুই বোন হোটেলের শৌচাগারে প্রবেশ করেন। একপর্যায়ে শৌচাগারের দেয়াল ধসে পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই নাসিমা মারা যান। আহত হন ছোট বোন নাজমা। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ এবং সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও বগুড়ার ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ছয়টার দিকে লাশটি উদ্ধার করেন। আহত নাজমাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে লাশ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বগুড়া ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তাঁরা এসে লাশটি উদ্ধার করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, লাশটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।