শৌচাগারের বর্জ্য নালায় ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের কয়েকটি এলাকা ও কেন্দ্রীয় কারাগারের শৌচাগারের বর্জ্য সরাসরি নালায় চলে যাচ্ছে। এতে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে ওই সব এলাকার মানুষ। দুর্গন্ধের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এসব এলাকার অনেক বাড়িতে সেপটিক ট্যাংক না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের অভিজাত এলাকা উপশহরের ১ নম্বর সেক্টরে সম্প্রতি নতুন নালা নির্মাণ করা হলেও আগের তৈরি কাঁচা নালার সঙ্গে সংযোগ দেওয়া হয়নি। দুই বাড়ির মাঝখানে নির্মাণ করা নালার সঙ্গে এ এলাকার বেশির ভাগ বাড়ির শৌচাগারের সরাসরি সংযোগ দেওয়া রয়েছে। কয়েক দিন আগে উপশহর মডেল প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের এলাকায় গিয়ে দুই বাড়ির মধ্যকার নালাগুলোতে মানুষের মল ও অন্যান্য বর্জ্য ভাসতে দেখা যায়। এসব বর্জ্যে মশা ও মাছি উড়তেও দেখা গেছে। এই এলাকার ভাড়াটিয়া গোলাম মোর্তজা বলেন, উপশহরের ১ নম্বর সেক্টরজুড়ে এই অবস্থা। তাঁরা বাড়ির জানালা খুলতে পারেন না। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। নগরের সবজিপাড়া এলাকায়ও নালায় সরাসরি মল ছাড়া হয়। ওই এলাকার নুসরাত এলাহী গত বছর অক্টোবর মাসে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হয়। তদন্তে প্রমাণিত হয়, এই এলাকার আরএস ৭১৭ নম্বর দাগের তিনতলা একটি বাড়ির মালিক জহির উদ্দিন। তাঁর বাড়ির শৌচাগারের মলও সরাসরি নালায় ছাড়া হয়। নুসরাত বলেন, এক বছর ধরে তিনি তাঁর বাড়ির নিচতলা ভাড়া দিতে পারছেন না। দুর্গন্ধে বাড়ির পূর্ব দিকের জানালা খোলার উপায় নেই। রান্নাঘরও ব্যবহার করতে পারছেন না। জহির উদ্দিনের বাড়িটি দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর ভাতিজা টিপু। তিনি নালায় মল ছাড়ার বিষয়টি অস্বীকার করেছেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের শৌচাগারের সঙ্গেও রয়েছে নালার সরাসরি সংযোগ। এ কারণে কারাগারের পাশে নগরের ব্যস্ততম সড়ক দিয়ে চলতে গেলেও দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কারারক্ষী জানান, দুর্গন্ধে কারাগারের ভেতরে ও বাইরে তাঁরা টিকতে পারেন না। বিশেষ করে বৃষ্টি হলে সমস্যা বেশি হয়। মুস্তাক রহমান নামে নগরের একজন ব্যাংক কর্মকর্তা জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মাঝেমধ্যে নাকে রুমাল দিয়েও রক্ষা পাওয়া যায় না। কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহাম্মেদ বলেন, ভেতরে পয়োনিষ্কাশনের ব্যবস্থা সেই ব্রিটিশ আমলের। এগুলোর কোনো কোনোটি বাইরের নালার চেয়ে নিচু। মাঝেমধ্যে টিন দিয়ে সেচে ময়লা পানি বাইরে বের করে দিতে হয়। এগুলো দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন গাজীউল আলম বলেন, নালায় জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। এ থেকে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে। আর নালা থেকে মাছি এসে খাবারে বসলে ডায়রিয়া ছড়িয়ে পড়তে পারে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক আরিফুল হক সেপটিক ট্যাংক না করে নালায় মল ও বর্জ্য ছাড়ার বিষয়ে বলেন, এ ব্যাপারে জনগণকেই সচেতন হতে হবে। তবে কোনো অভিযোগ এলে তাঁরা নোটিশ দেন। প্রয়োজনে মামলা করেন। কেন্দ্রীয় কারাগারের ব্যাপারে তিনি বলেন, ‘কারাগার একটি আলাদা প্রতিষ্ঠান। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।’