শ্বশুর ও ননদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের গৃহবধূ ও মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা নূর হত্যা মামলায় তাঁর শ্বশুর আহসানউল্যা খান ও ননদ বরকত জাহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম মো. নূরুল আফছার এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ৮ মে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও শেখ মো. জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ এই দুই আসামির চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাঁদের নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিননামা দাখিলের এবং নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার দুই আসামি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত গতকাল বুধবার আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু গতকাল দুই আসামি আদালতে হাজির না হয়ে তাঁদের আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।