শ্বশুর-জামাইয়ে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে শ্বশুর-জামাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে তৃতীয় দফায় ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বর্তমান সদস্য সিন্দাগড় গোয়ালডাঙ্গীপাড়া গ্রামের সনন্ত বর্মণ (৭৫), একই গ্রামের পূর্ণচন্দ্র রায় (৩৫) ও দেহানগর গ্রামের সাইফুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সনন্ত বর্মণের মেয়েজামাই পূর্ণচন্দ্র।
এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে নয়বার সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে ছয়বার নির্বাচিত হন সনন্ত বর্মণ। এলাকার লোকজনের কাছে তিনি বেশ জনপ্রিয়। এ কারণে কোনো নির্বাচনই তাঁর প্রতিদ্বন্দ্বী দু-একজনের বেশি হয়নি। তবে এবার তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে নিজের ঘরের মানুষের সঙ্গেই। এখানে ফুটবল প্রতীক নিয়ে শ্বশুর সনন্ত ও নলকূপ প্রতীক নিয়ে জামাই পূর্ণচন্দ্র লড়াই করছেন।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সিন্দাগড় বাজার ও আশপাশের এলাকার বিভিন্ন স্থাপনা, গাছ ও দেয়াল ফুটবল আর নলকূপের পোস্টারে ছেয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে পূর্ণচন্দ্রের স্ত্রী জোসনা রাণী বলেন, ‘আমার বাবা এখন আমাদের প্রতিদ্বন্দ্বী। তাই ভোট পর্যন্ত আমাকে বাপের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছেন স্বামী।’
পূর্ণচন্দ্র রায় বলেন, ‘আমার শ্বশুর নয়বার মেম্বারে দাঁড়িয়ে ছয়বার নির্বাচিত হয়েছেন। আমি গতবার ভোটে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু তাঁর অনুরোধে ছেড়ে দিয়েছি। আমাদের কি আশা-আকাঙ্ক্ষা নেই?’
সনন্ত বর্মণ বলেন, ‘এলাকার মানুষ আমাকে ভালোবাসেন। তাই এবারও জনগণের চাপেই দাঁড়ালাম। জামাইকে নয়, আমাকে দেখতে হবে জনগণকে।’