শ্বশুরকে ফাঁসাতে গিয়ে গাঁজাসহ জামাতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রী ও শ্বশুরের সঙ্গে বিবাদ থাকায় তাঁদের ফাঁসানোর পরিকল্পনা করেন জামাতা বাবুল মিয়া। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ফেঁসে যান। গত শনিবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, ঘটনার দিন বাবুল মিয়া ২৪ কেজি গাঁজা শ্বশুরের ধানের গোলায় রেখে নিজেই পুলিশকে খবর দেন। রাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম চন্দ্র দের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে গেলে বাবুল শ্বশুরের ধানের গোলা দেখিয়ে বলেন, ভেতরে গাঁজা আছে। পুলিশ গাঁজা উদ্ধার করলেও বাবুলের কথাবার্তায় তাঁকে সন্দেহ করে। এ সময় তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদে বাবুল নিজের অপরাধ স্বীকার করে আসল ঘটনা জানান।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, বাবুল একজন মাদক ব্যবসায়ী এবং চার মামলার আসামি। কিছুদিন আগে জেল থেকে বের হলে শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর বিবাদ হয়। তাই শ্বশুরকে ফাঁসানোর জন্য তিনি এই পরিকল্পনা করেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।