শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে জামাই আমিনউদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে তাঁর শ্বশুর তোফাজ্জেল হোসেনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গতকাল রোববার সদরপুর থানায় জামাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী খাদিজা বেগম।

জামাই আমিনউদ্দিন ভূঁইয়া সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের বাসিন্দা আজিমউদ্দিনের ছেলে। ১৫ বছর আগে তিনি একই উপজেলার ভাষাণচর ইউনিয়নের গফুর মাতুব্বরেরডাঙ্গি গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে ওজুফা বেগমকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগে এক সপ্তাহ আগে আমিনউদ্দিন ভূঁইয়াকে (৩৮) স্ত্রী ওজুফা বেগম (৩২) তালাক দেন। এ নিয়ে গত শুক্রবার সদরপুরে সালিস হয়। সালিসে ওজুফা বেগম প্রতিনিয়ত মারধরের কারণে স্বামীকে তালাক দেন এবং স্বামীর ঘরে ফিরে যেতে অস্বীকৃতি জানান।

এলাকাবাসী সূত্র জানায়, ওই সালিসের পরপরই শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জামাতা আমিনউদ্দিন ভূঁইয়া শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর তোফাজ্জেল হোসেনকে (৭০) বাড়ির উঠানের পাশে থাকা নলকূপের হাতল দিয়ে মাথায় আঘাত করেন। এতে তোফাজ্জেল গুরুতর আহত হন। ওই রাতে তোফাজ্জেলকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি ঘটলে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে গতকাল সকালে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আমিনউদ্দিন ভূঁইয়া এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।

ওজুফা বেগম বলেন, ‘সারা জীবন আমিনউদ্দিন আমাকে কারণে-অকারণে অত্যাচার করেছে। আমি অসহায় হয়ে ওকে তালাক দিয়েছি। ও আমার বাবাকে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, জামাইকে প্রধান আসামি করে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী খাদিজা বেগম। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গতকাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।