শ্বশুরকে হত্যার কথা স্বীকার করলেন জামাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে তাঁর বড় জামাতা মোমিন মোড়লসহ চারজন মিলে হত্যা করেছেন। গতকাল রোববার বেলা ১১টায় সদর থানায় পুলিশের কাছে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন মোমিনসহ তিনজন।অপর দুজন হলেন লাভলু হাওলাদার (২৪) ও নাহিদ রেজা ওরফে বাবু (৩২)। পরে তাঁদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময়ও তাঁরা হত্যার ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় সহকারী কমিশনার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।খুলনা সদর থানার পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সেকেন্দার আলী নিখোঁজ হন। তাঁর বস্তাবন্দী লাশ ২৬ সেপ্টেম্বর বটিয়াঘাটা উপজেলার রাজবাঁধ গ্রামে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে নর্দমা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন নিহত সেকেন্দারের স্ত্রী কুমকুম হাবিবা খুলনা সদর থানায় মামলা করেন। গত শনিবার উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রবীর বিশ্বাস উল্লিখিত তিনজনের বরাত দিয়ে বলেন, ২৫ সেপ্টেম্বর মোমিন তাঁর শশুরকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে খুলনা শহর হয়ে নিরালা মোড়ে নিয়ে যান। সেখানে রাস্তার পাশে মিষ্টির দোকানে নিয়ে তাঁকে মিষ্টি খাওয়ানো হয়। ওই মিষ্টিতে ছয়টি ঘুমের বড়ি ছিল। মিষ্টি খাওয়ার কিছু সময় পর অচেতন হয়ে পড়েন সেকেন্দার আলী। পরে একটি ইজিবাইক ভাড়া করে মোমিন, লাভলু, বাবুসহ আরও একজন (নাম অপ্রকাশিত) মিলে সেকান্দার আলীকে কৈয়া এলাকায় শহীদ আবুল কাশেম কলেজে নিয়ে যান। সেখানে গলায় ফাঁস লাগিয়ে তাঁকে হত্যা করা হয়। রাত আটটার দিকে তাঁরা সেকেন্দারের লাশ বস্তায় ঢুকিয়ে ইজিবাইকে তুলে রাজবাঁধ এলাকায় এনে ফেলে দেন।বড় জামাতা মোমিন মোড়ল বলেন, ‘শ্বশুর দীর্ঘদিন ধরে আমার সঙ্গে খারাপ ব্যবহার ও গালিগালাজ করতেন। সহ্য করতে না পেরে তাঁকে আমি এদের সঙ্গে নিয়ে হত্যা করেছি।’লাভলু হাওলাদার বলেন, ‘বাবু ভাই বলেছে, তোদের টাকা দেব। তাই ওদের সঙ্গে খুন করেছি।’নাহিদ রেজা ওরফে বাবু বলেন, ‘মোমিন আমাদের আত্মীয়। তার সঙ্গে আমরা তিনজন মিলে এই কাজ করেছি।’ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, আরও একজনকে গ্রেপ্তার করা এখনো সম্ভব হয়নি। তাঁকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।